২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুরকিনা ফাসোতে গির্জায় হামলায় যাজক নিহত

বুরকিনা ফাসোতে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় একজন যাজকসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানান কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2019, 07:17 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

বিবিসি জানায়, সুম প্রদেশের ছোট্ট শহর সিলগাদজিতে রোববার সকালের নিয়মিত প্রার্থনা সেরে যাজকসহ গির্জার প্রার্থনাকারীরা বাইরে বেরিয়ে এলে বন্দুকধারীরা তাদের দিকে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ওই হামলা হয়। হামলাকারীরা সাতটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

যাজক ছাড়াও তার দুই ছেলে হামলায় নিহত হয়েছেন। নিহত বাকিরা গির্জায় প্রার্থনা করতে এসেছিলেন। 

এখনো এ হামলার দায় কেউ স্বীকার করেনি। কতজন হামলাকারী ছিল তাও নিশ্চিত হওয়া যায়নি।

২০১৬ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গিবাদের উত্থান হলেও দেশটিতে গির্জায় হামলার ঘটনা এটাই প্রথম বলে জানায় বিবিসি।

দেশটিতে আল-কায়দা, ইসলামিক স্টেট (আইএস) এবং স্থানীয় আনসারুল ইসলাম অত্যন্ত সক্রিয়।