২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সিয়াটলে ভবন থেকে ক্রেন পড়ে নিহত ৪

যুক্তরাষ্ট্রের সিয়াটলে নির্মাণাধীন একটি ভবন থেকে ক্রেন পড়ে ৪ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2019, 01:21 PM

Updated : 10 Oct 2022, 09:06 PM

শনিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে সাউথ লেক ইউনিয়ন ডিস্ট্রিক্টের নির্মাণাধীন ওই ভবন থেকে ক্রেনটির একটি অংশ পাশের সড়কে পড়লে চাপা পড়া কয়েকটি গাড়ির চূর্ণ হয়ে যায় বলে জানিয়েছে সিয়াটলের দমকল বিভাগ।

নিহতদের মধ্যে ক্রেনটির দুই চালকও আছেন। বাকি দুইজন চাপা পড়া আলাদা দুই গাড়ির যাত্রী বলে জানিয়েছে বিবিসি।

Image
নির্মাণাধীন ওই ভবনটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স

নির্মাণাধীন ওই ভবনটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রয়টার্স

দুর্ঘটনায় ২৭ বছর বয়সী এক তরুণ, ২৫ বছর বয়সী এক নারী ও তার চার মাস বয়সী মেয়ে আহত হয়েছে বলে জানিয়েছে সিয়াটল টাইমস।

তাৎক্ষণিকভাবে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলেও পরে ওই নারী ও তার মেয়েকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী এস্টার নেলসন জানান, প্রবল বাতাসে নির্মাণাধীন ভবনের উপরে থাকা ওই ক্রেনটি ভেঙে দুই টুকরা হয়ে নিচে পড়ে যায়।

“অর্ধেকটা ভেঙে ভবনের একপাশে পড়ে, বাকি অর্ধেকটা রাস্তায় উভয় লেনজুড়ে পড়ে,” সিয়াটল টাইমসকে এমনটাই বলেন এ নারী।

নির্মাণাধীন ওই ভবনটিও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

সিয়াটলে গুগলের নতুন ক্যাম্পাস ও প্রায় দেড়শটির মতো ফ্ল্যাট বানাতে ওই নির্মাণ কাজ চলছিল। নির্মাণাধীন ওই ভবন থেকেই ক্রেনটি ভেঙে পড়ে।