২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র বাণিজ্য চুক্তি থেকেও সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

জলবায়ু চুক্তির পর এবার জাতিসংঘের অস্ত্র বাণিজ্য চুক্তি (এটিটি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2019, 05:03 PM

Updated : 08 Apr 2022, 04:07 PM

বিশ্বজুড়ে অস্ত্রের কেনাবেচা নিয়ন্ত্রণে ২০১৩ সালে জাতিসংঘের উদ্যোগে ১৩০টি দেশ অস্ত্র বাণিজ্য চুক্তিতে সাক্ষর করে, যেটি আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হিসেবেও বিবেচিত হয়।

ইরান, সিরিয়া আর উত্তর কোরিয়া চুক্তির বিপক্ষে ভোট দিয়েছিল। রাশিয়া ও চীনসহ ২৩ টি দেশ ভোট দানে বিরত থাকে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানি ওই চুক্তির পক্ষে ভোট দেয়।

তখন বলা হয়েছিল, ওই চুক্তির ফলে অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে নতুন মানদণ্ড নির্ধারণ করা যাবে। পরের বছর ওই চুক্তি কার্যকর হয়।

চুক্তি অনুযায়ী, অস্ত্র রপ্তানিকারক দেশকে অস্ত্র বাণিজ্যের প্রতিবেদন জাতিসংঘকে দিতে হবে এবং তাদের অস্ত্র কোন ভাবে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করা হচ্ছে কিনা সেটার মূল্যায়নও তাদেরকেই করতে হবে ।

অর্থাৎ, সেই অস্ত্র গণহত্যা বা যুদ্ধাপরাধের মত মানবতার বিরুদ্ধে ব্যবহার কিংবা সন্ত্রাসীদের হাতে পড়ছে কিনা। যদি তেমন কিছুর আশঙ্কা প্রকাশ পায় তবে রপ্তানিকারক দেশকেই অস্ত্র হস্তান্তর আটকাতে হবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন থেকে বলা হয়, জাতিসংঘের ওই চুক্তি অস্ত্র নিয়ন্ত্রণে দেশটির অস্ত্র আইনের দ্বিতীয় সংশোধনীর পথে বাধা স্বরূপ।

বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ার তুলনায় তাদের অস্ত্র বিক্রি প্রায় ৫৮ শতাংশ বেশি।

ইন্ডিয়ানাপলিসে শুক্রবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “আমরা আমাদের সাক্ষর ফিরিয়ে নিচ্ছি।”

জাতিসংঘ শিগগিরই আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার আনুষ্ঠানিক নোটিস হাতে পাবে বলেও জানান তিনি।

বলেন, “আমার আমলে, আমরা কখনো কারো কাছে আমেরিকার সার্বভৌমত্ব সমর্পণ করব না। আমরা অস্ত্র আইনের দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে আপনাদের মত প্রকাশের স্বাধীনতায় বিদেশি কর্মকর্তাদের হস্তক্ষেপ করার অনুমতি কিছুতেই দেব না।”

ট্রাম্পের ঘোষণার পর হোয়াইট হাউজ থেকে এক বিবৃতিতে বলা হয়, “রাশিয়া ও চীনের মত বড় বড় অস্ত্র রপ্তানিকারক দেশের কারণে এই চুক্তি দায়িত্বজ্ঞানহীন অস্ত্র বাণিজ্য সমস্যার সত্যিকারের সমাধান করতে ব্যর্থ হয়েছে।”

কিছু কিছু সংগঠন এই চুক্তি ব্যবহার করে ‘সরকারের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়’ হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে ওই বিবৃতিতে বলা হয়।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ট্রাম্পের এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।

অক্সফাম আমেরিকার প্রেসিডেন্ট অ্যাবে ম্যাক্সম্যান বলেন, “যুক্তরাষ্ট্র এখন ইরান, উত্তর কোরিয়া ও সিরিয়ার মত দেশের সঙ্গে হাত মেলাতে যাচ্ছে। যারা ঐতিহাসিক এই চুক্তিতে সাক্ষর করেনি; যে চুক্তির একমাত্র উদ্দেশ্য ছিল নিরপরাধ মানুষদের প্রাণঘাতী অস্ত্র থেকে রক্ষা করা।”

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ এখন পর্যন্ত সাক্ষরকারী ১০১ দেশে ওই চুক্তি অনুমোদন পেয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রসহ বাকি ২৯টি দেশ জাতিসংঘের অস্ত্র চুক্তিতে সাক্ষর করলেও নিজ নিজ দেশে আইনে পরিণত হওয়ার জন্য প্রয়োজনীয় অনুমোদন এখনো দেয়নি।