ডিঙ্গোর মুখ থেকে শিশুকে ছিনিয়ে এনে বাঁচালেন বাবা
অস্ট্রেলিয়ার পর্যটন দ্বীপ ফ্রাজারে একটি ভ্যানগাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়া ১৪ মাসের শিশুকে বন্য কুকুর ডিঙ্গোর মুখ থেকে ছিনিয়ে এনে বাঁচিয়েছেন বাবা।
শুক্রবার এক চিকিৎসাকর্মী বলেন, কুইসল্যান্ডে ফ্রাজার দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে পার্ক করে রাখা ভ্যানে শিশুপুত্রটি ঘুমিয়ে ছিল। এমন সময় এক ডিঙ্গো সেখানে ঢুকে পড়ে শিশুটির ঘাড় কামড়ে ধরে সেটিকে টেনে নিয়ে যেতে থাকে।
শিশুটির চিৎকার শুনে জেগে ওঠেন তার বাবা-মা। বাবা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ডিঙ্গোর সঙ্গে লড়াই করে সেটির মুখ থেকে শিশুকে ছিনিয়ে আনেন। ডিঙ্গোর হামলায় শিশুটির ঘাড়ে গভীর ক্ষত হয়েছে এবং মাথায়ও আঘাত লেগেছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ফ্রাজার দ্বীপে এ নিয়ে তৃতীয়বারের মতো ডিঙ্গোর হামলার ঘটনা ঘটল। ১৯৮০ সালে এমন এক ঘটনায় আজারিয়া চেম্বারলেন নামের এক শিশু তাঁবু থেকে নিখোঁজ হওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
