গ্রেপ্তারি পরোয়ানার মুখে দেশে ফেরা বাতিল ইরানি নারী বক্সারের
ইরানের হয়ে প্রথমবারের মত কোনো প্রতিযোগিতামূলক বক্সিংয়ে অংশ নেওয়া নারী বক্সার সাদাফ খাদেমের বিরুদ্ধে তেহরানে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় তাকে দেশে ফেরা বাতিল করতে হয়েছে।
সাদাফের প্রতিনিধি বুধবার সাংবাদিকদের গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানান।
গত শনিবার ২৪ বছরের সাদাফ ফ্রান্সে একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন এবং স্থানীয় এক বক্সারকে হারান।
বক্সিংয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইরানি বংশোদ্ভূত মাহিয়ার মনশিপুর পশ্চিম ফ্রান্সে ওই বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেন। যেখানে ইরানের হয়ে প্রথমবারের মত কোনো নারী রিংয়ে নামেন।
বর্তমানে ফ্রান্সের নাগরিক মাহিয়াও প্রতিযোগিতা শেষে সাদাফের সঙ্গে ইরান ভ্রমণের পরিকল্পনা করেছিলেন।
কিন্তু ইরান সাদাফের পাশাপাশি মাহিয়ার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তাদের তেহরান যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়েছে। যদিও ইরানের বক্সিং ফেডারেশনের প্রধান হুসেইন সুরি সাদাফকে গ্রেপ্তার করা হবে এমন কথা অস্বীকার করেছেন।
তবে তিনি বলেন, “সাদাফ খাদেম ইরানের বক্সিং অ্যাথলেট সংগঠনের সদস্য নন। তাই বক্সিং ফেডারেশনের দৃষ্টিতে তিনি যা করেছেন তার সবই ব্যক্তিগতভাবে করেছেন।”
এ বিষয়ে সোমবার ইরানের বক্সিং ফেডারেশন বলেছিল, তারা নারীদের জন্য কোনো বক্সিং প্রতিযোগিতার আয়োজন করেনি। কেউ যদি নিজের ইচ্ছায় কোনো প্রতিযোগিতায় অংশ নেয় তার দায় তারা নেবেন না।
ইরানের কোনো নারী খেলোয়াড় দেশে বা বিদেশে খেলার সময় অবশ্যই হিজাব পরতে হবে বলেও জানান তারা।
সাদাফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে জানতে বুধবার বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি। তবে প্যারিসে ইরানি দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করার জন্য তার কাছে একটি অনুরোধ এসেছে।
