২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে পরিবেশবাদীদের সড়ক অবরোধ, গ্রেপ্তার ১১৩

লন্ডনের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করায় ১১৩ পরিবেশবাদীকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Apr 2019, 08:32 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

পরিবেশ রক্ষায় জলবায়ু পরিবর্তন রোধে সরকারকে আরো উদ্যোগী হওয়ার দাবিতে সোমবার দেশটির পরিবেশ সুরক্ষা সংগঠন ‘এক্সটিঙ্কশন রেব্যালিয়ন’র ডাকে ওই বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভকারীরা লন্ডনের অক্সফোর্ড সার্কাস, মার্বেল আর্চ, ওয়াটারলু ব্রিজসহ গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। কোথাও কোথাও বিক্ষোভকারীরা রাতভর অবস্থান নেয় এবং মঙ্গলবারও বিক্ষোভ করে।

লন্ডন পুলিশ জানায়, “মোট ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশির ভাগকেই নোটিস অব দ্য পাবলিক অর্ডার অ্যাক্টের ১৪ ধারায় এবং মহাসড়কে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়।”

পরিবেশগত জরুরি অবস্থা জারি এবং ২০২৫ সালের মধ্যে কার্বন নির্গমণ শূন্যে নামিয়ে আনার সরকারি প্রতিশ্রুতির দাবিতে এ মাসের শুরুর দিকে হাউজ অব কমন্সের সামনে অর্ধনগ্ন হয়ে বিক্ষোভ করেছিল এক্সটিঙ্কশন রেব্যালিয়নের সদস্যরা।