২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদী ক্যামেরা বসিয়েছেন, জানতে পারবেন কাকে ভোট দিচ্ছেন: বিজেপি নেতা

ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটযুদ্ধ ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে গুজরাটের প্রচারাভিযানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক  বিধায়ক ভোটারদের হুমকির সুরে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটকেন্দ্রগুলোতে ক্যামেরা বসিয়েছেন। কে কাকে ভোট দিচ্ছে তা দেখতে পাবেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2019, 07:33 PM

Updated : 08 Apr 2022, 04:04 PM

এনডিটিভি জানায়, ফতেহপুরার বিজেপি প্রার্থী জশোবন্ত সিং ভাবোর। তার হয়ে প্রচারে নামেন এলাকার বিজেপি বিধায়ক রমেশ কাটারা। তিনিই মঙ্গলবার একটি নির্বাচনী এলাকার গ্রামে প্রচারাভিযানের সময় এমন কথা বলে ভোটাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টার অভিযোগে নতুন মাত্রা যোগ করেছেন।

কিছু লোকের এক জমায়েতে কাটারা বলেন, “কে বিজেপি-কে ভোট দিচ্ছেন, আর কে কংগ্রেসকে তা জানা যাবে। আপনারা বিজেপি প্রার্থী জশোবন্ত সিং ভাবোর এর ছবি এবং ইভিএম- এ পদ্ম প্রতীক দেখতে পাবেন। সেটি লক্ষ্য করুন এবং ওই বোতামে চাপ দিন। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। মোদী সাহেব এবার ক্যামেরা বসিয়েছেন।”

তিনি আরো বলেন, “কে বিজেপি-কে ভোট দিচ্ছেন, আর কে কংগ্রেসকে তা দেখা যাবে। আধার কার্ড সহ সব কার্ডে এখন ছবি আছে। এ বুথ থেকে ভোট কম পড়লে তা জানতে পারবেন মোদী-সাহেব। তখন আর আপনারা কাজ পাবেন না।”

বিজেপি বিধায়কের এমন বক্তব্যে ক্ষুদ্ধ হয়েছে বিরোধী দলগুলো। রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এক টুইটে লিখেছে, এমন হুমকিকে হালকাভাবে নেওয়া যায় না। অসহায়, বাকরুদ্ধ মানুষগুলোকে ভয়ভীতি দেখিয়ে বিজেপিকে ভোট দিতে বাধ্য করা হচ্ছে। ভোটে এ ধরনের ইস্যুর প্রভাব পড়বে।

ভারতের জাতীয় নির্বাচনে সাত দফায় ভোট হবে। গত বৃহস্পতিবার প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় দফা ভোট হবে ১৮ এপ্রিলে।