অ্যাসাঞ্জের ধর্ষণ মামলা ফের শুরু করতে পারে সুইডেন
উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ সুইডেনে ফের ধর্ষণের অভিযোগের তদন্তের মুখে পড়তে পারেন।
গত সাত বছর ধরে লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়ে থাকা অ্যাসাঞ্জকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ।
সুইডেনের কৌসুলিরা জানিয়েছে, ধর্ষিতার আইনজীবীর অনুরোধে তারা মামলাটি খতিয়ে দেখছেন।
অস্ট্রেলিয়ার নাগরিক অ্যাসাঞ্জ ২০১০ সালে পেন্টাগন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈফেলে দিয়েছিলেন।
এ নিয়ে আলোচনার মধ্যে সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়। তবে এ অভিযোগ অ্যাসাঞ্জ বরাবরই অস্বীকার করেছেন।
২০১২ সালে গ্রেপ্তার এড়াতে অ্যাসাঞ্জ লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। দূতাবাসের আশ্রয়ে থাকার কারণে সুইডেন অ্যাসাঞ্জের বিরুদ্ধে মামলায় অগ্রসর হতে না পেরে ২০১৭ সালে তদন্ত বন্ধ করে দেয়।
এখন অ্যাসাঞ্জ গ্রেপ্তার হওয়ার পর সুইডেন ফের তার বিরুদ্ধে ধর্ষণ মামলা খতিয়ে দেখে তা পুনরায় চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বিবিসি।
অ্যাসাঞ্জের বিচারের জন্য সুইডেন যেমন তাকে চায় তেমনি গোপন নথি ফাঁসের অভিযোগে বিচারের জন্য যুক্তরাষ্ট্রও তার হস্তান্তর চায়। আফগান ও ইরাক যুদ্ধ নিয়েঅ্যাসাঞ্জের প্রকাশ করা নথিতে চরম বেকায়দায় পড়েছিল যুক্তরাষ্ট্র সরকার ও পেন্টাগন।
সুইডেনের তার বিরুদ্ধে ধর্ষণ মামলার কার্যক্রম বন্ধ হলেও যুক্তরাষ্ট্রের হাতে পড়ার ভয়েই একুয়েডর দূতাবাস ছাড়ছিলেন না অ্যাসাঞ্জ।
পরে একুয়েডর সরকার তার ‘রাজনৈতিক আশ্রয়’ বাতিল করায় বৃহস্পতিবার সকালে দূতাবাসে গিয়ে ৪৭ বছর বয়সী অ্যাসাঞ্জকে ধরে নিয়ে যায় লন্ডন পুলিশ। আদালতে হাজির না হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে এ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন অ্যাসাঞ্জ।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গোপন তথ্য ফাঁসের ঘটনায় অভিযুক্ত অ্যাসাঞ্জকে এখন যুক্তরাজ্য থেকে হস্তান্তরের বিষয়টি পররাষ্ট্র দপ্তর বিবেচনা করে দেখছে। তাকে হস্তান্তরের প্রক্রিয়ায় পেরোতে হবে চারটি ধাপ।
সুইডেনও যদি অ্যাসাঞ্জকে হস্তান্তরের অনুরোধ জানায় তাহলেও প্রক্রিয়াটি হবে একই। তবে সেক্ষেত্রে একটি ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে তা শুরু হবে।
