হাসপাতাল থেকে ছাড়া পেলেন দালাই লামা
হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। বুকের ইনফেকশনের চিকিৎসার পর দিল্লি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
তার প্রেস সচিব সেতেন সামদুপ চোইকিয়াপা শুক্রবার একথা জানিয়েছেন।
গত ১০ এপ্রিল বুকে ব্যাথা নিয়ে ভারতের রাজধানী দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৩ বছর বয়সী এ নেতা। সেতেন সামদুপ জানান, দালাই লামা এখন আরোগ্য লাভ করেছেন।
দালাই লামা ১৯৫৯ সাল থেকে ভারতে নির্বাসিত রয়েছেন। চীনা শাসনের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর তিব্বতের এই আধ্যাত্মিক নেতা ভারতে পালিয়ে এসেছিলেন।
শান্তিতে নোবেলে পুরস্কার জয়ী দালাই লামা একজন জনপ্রিয় বক্তা। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বাইরের যোগাযোগ কমিয়ে ম্যাকলয়েডগঞ্জের বাসায়ই অধিকাংশ সময় থাকছিলেন তিনি।
