ভারতের নির্বাচন: শেষ হল ঘটনাবহুল প্রথম দফা ভোট
ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে ইভিএম ভাঙচুর, সংঘর্ষ, সহিংসতাসহ নানামুখী অভিযোগ, উত্তেজনার আবহে ঘটনাবহুল প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার প্রথম দফায় ২০টি রাজ্যের ৯১টি আসনে ভোটগ্রহণ করা হয়েছে। রাজ্যগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লক্ষদ্বীপ।
ভোটের প্রথম দিনে উৎসাহ নিয়েই ভোট দিতে দেখা গেছে ভোটারদের। বাইসাইকেলে চড়ে, ট্রেকিং করে, ট্রাকটর চালিয়ে বিভিন্নভাবে ভোটকেন্দ্রে এসেছে মানুষ। শিশু কোলে ভোট দিতে আসেন গৃহবধুরাও।
এদিন সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রগুলোতে লাইন ধরে দাঁড়াতে শুরু করে ভোট দেওয়ার জন্য। ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিকাল তিনটার মধ্যেই বেশির ভাগ রাজ্যে ভোট দেন অর্ধেকের বেশি ভোটার। পশ্চিমবঙ্গে ভোটার উপস্থিতি ছিল সবচেয়ে বেশি, ৭০ শতাংশ।
তবে কিছু কিছু জায়গায় ভোটাররা ভোটার তালিকায় নাম না পেয়ে ক্ষুব্ধ হয়েছে। তেলেঙ্গানায় অনেক ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছে। উত্তরপ্রদেশের বাঘপাতেও বহু মুসলিম এবং দলিত ভোটারের কাছ থেকে তালিকায় নাম না থাকার অভিযোগ এসেছে।
আবার কয়েকটি জায়গায় সহিংসতায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। অন্ধ্রপ্রদেশে ভোটকেন্দ্রগুলোতে সহিংসতায় অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া, উত্তর প্রদেশ, ছত্তিসগড়েও নির্বাচনী সহিংসতা ঘটেছে। দিনহাটা, সীতাই, শীতলকুচি এলাকায় ভোটগ্রহণ ঘিরে সারাদিনই উত্তেজনা ছিল। কোথাও কোথাও তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতিও হয়।
বিজেপির অভিযোগ, দিনহাটা, সীতাই, শীতলকুচির অধিকাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী ছিল না। নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজ্য পুলিশের কর্মীরা।
ভোট শেষেও উত্তেজনা কোচবিহারে:
ভোটের পরও পশ্চিমবঙ্গের কোচবিহারে উত্তেজনা কাটেনি।ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের অবস্থান বিক্ষোভ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি প্রার্থী এবং তার সমর্থকেরা অনড় ছিলেন। অন্যদিকে, পুলিশ-প্রশাসন তাদেরকে বোঝানোর চেষ্টা চালিয়ে যায়।
নিশীথের অভিযোগ, যে সব বুথে রাজ্য পুলিশ মোতায়েন ছিল, সেখানে অবাধে ছাপ্পা ভোট দিয়েছে তৃণমূল। তাই দেড় শতাধিক বুথে পুনর্নির্বাচন করতে হবে। অভিযোগ উড়িয়ে তৃণমূলও পাল্টা দাবি করে বলেছে, বেশ কয়েকটি বুথে বিজেপি ছাপ্পা ভোট দিয়েছে। যদিও পরে রিটার্নিং অফিসারের আশ্বাসে অবস্থান তুলে নেন বিজেপি প্রার্থী।
তবে কোচবিহারের বিজেপি প্রার্থীর পর রাতে বামেরাও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন বলে জানা গেছে। বামফ্রন্টের পক্ষ থেকে ১৭০ টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে। দুটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তৃণমূলও।
নির্বাচন কমিশন এখনো কোনো দলকেই তাদের দাবির ব্যাপারে আশ্বস্ত করেনি। অভিযোগ খতিয়ে দেখেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে কমিশন।
ভারতজুড়ে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল। এরপর ২৩ এপ্রিল তৃতীয় দফা, ২৯ এপ্রিল চতুর্থ দফা, ৬ মে পঞ্চম, ১২ মে ষষ্ঠ দফা ভোট অনুষ্ঠিত হবে। ১৯ মে তে শেষ হবে সাত দফার ভোটগ্রহণ।
২৩ মে ভোট গণনার পর ফল ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। সরকার গঠনের জন্য ২৭২টি আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে যে কোনো দলকে।
