চোখের ভেতর চারটি জ্যান্ত মৌমাছি
তাইওয়ানে এক নারীর চোখের ভেতর চিকিৎসকরা চারটি ক্ষুদ্রাকৃতির জ্যান্ত মৌমাছি খুঁজে পেয়েছেন। সেখানে এ ধরনের ঘটনা এটিই প্রথম।
স্থানীয় সংবাদমাধ্যমে ২৮ বছর বয়সী ওই নারীর নাম হি বলা হয়েছে। তিনি আগাছা পরিষ্কার করার সময় মৌমাছিগুলো উড়ে গিয়ে তার চোখে ঢুকে যায়।
শুরুতে হি ভেবেছিলেন, বাতাসের ঝাপটায় কোনো ময়লা তার চোখে পড়েছে। কিন্তু কয়েক ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তার চোখ দিয়ে পানি পড়া কমছিল না এবং ব্যাথাও বাড়ছিল। বাধ্য হয়ে তিনি হাসপাতালে যান।
ফুইন ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসক হং চাই তিং বিবিসি’কে বলেন, ওই নারীর চোখের ভেতর থেকে তিনি যখন মৌমাছিগুলোর পা ধরে টেনে বের করছিলেন তখন তিনি রীতিমত ‘হতভম্ব’ হয়ে গিয়েছিলেন।
তিনি বলেন, “ওই নারী চোখ পুরোপুরি বন্ধ করতে পারছিলেন না। আমি একটি মাইক্রসকোপ দিয়ে তার ফাঁক হয়ে থাকা চোখের ভেতর তাকাই এবং পোকামাকড়ের পায়ের মত দেখতে কালো রঙের কিছু দেখি।
“আমি সাবধানে পা ধরে টেনে সেটিকে বের করে আনি। তারপর আরেকটা, আরেকটা, আরেকটা দেখতে পাই। সেগুলো তখনও জ্যান্ত ছিল।”
তাইওয়ানের টেলিভিশনে মৌমাছিগুলোর ছবি দেখানো হয়েছে। ডা. হং বলেন, বাতাসের ঝাপটায় মৌমাছিগুলো তার চোখের ভেতর ঢুকে যায় এবং সেখানে আটকা পড়ে।
“সাধারণত এই মৌমাছি মানুষকে কামড়ায় না। তাবে এগুলো মানুষে ঘাম পান করতে ভালোবাসে।”
হি কে হাসপতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার চোখ পুরোপুরি ভালো হয়ে যাবে বলেও আশা চিকিৎসকদের।
মৌমাছিগুলো চোখে ঢুকে যাওয়ার পর হি তার চোখ রগড়াননি বলে বেঁচে গেছেন। না হলে তার অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল বলে জানান ডা. হং।
তিনি বলেন, “কন্টাক্ট লেন্স থাকা চোখ রগড়ালে সেটি ভেঙে যেতে পারে আশঙ্কায় ওই নারী চোখে হাত দেননি; তিনি ভাগ্যবান। যদি তিনি সেটা করতেন তবে মাছি থেকে বিষ ছড়িয়ে তার অন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল।”
‘সোয়েট বি’ নামে পরিচিত ওই মৌমাছিগুলোকে ‘হ্যালিকটিডি’ নামেও ডাকা হয়। সেগুলো ঘামের গন্ধে আকৃষ্ট হয়ে মানুষের শরীরে বসে।
উচ্চমাত্রার প্রোটিন পেতে সেগুলো মানুষের চোখের পানি পান করে।
