২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া সংকট: যুদ্ধাপরাধের বিরুদ্ধে সতর্ক করল জাতিসংঘ

লিবিয়ায় অশান্ত হয়ে ওঠা পরিস্থিতিতে বেসামরিক নাগরিকদের ওপর হামলা যুদ্ধাপরাধের সামিল বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচেলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2019, 09:37 PM

Updated : 08 Apr 2022, 04:03 PM

তিনি লিবিয়ায় লড়াইয়ে লিপ্ত সব পক্ষকেই রক্তক্ষয় এড়ানোর আহ্বান জানান এবং বলেন, নাগরিকদের সুরক্ষায় সবাইকেই সর্বতোভাবে চেষ্টা করতে হবে।

জেনারেল হাফতারের নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) জাতিসংঘ-সমর্থিত সরকারের কাছ থেকে রাজধানী ত্রিপোলি ছিনিয়ে নিতে অগ্রসর হওয়ায় দুপক্ষের লড়াইয়ে অশান্ত হয়ে উঠেছে লিবিয়া পরিস্থিতি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবমতে, গত তিনদিনের লড়াইয়ে ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮১ জন। নিহতদের ৯ জনই বেসামরিক নাগরিক। এদের মধ্যে দুইজন ডাক্তারও আছেন। যারা জরুরি সেবায় নিয়োজিত ছিলেন।

এছাড়া, সোমবার বিমান হামলায় বন্ধ হয়ে গেছে রাজধানীর একমাত্র সচল মিটিগা বিমানবন্দর। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ব্যাচেলে বলেন, “লিবিয়ার মানুষ বিবাদমান বহু গোষ্ঠীর মধ্যে পড়ে দুর্ভোগ পোহাচ্ছে এবং অরক্ষিত অবস্থায় আছে। তাদের মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে।”

তিনি বলেন, “সোমবার মিটিগা বিমানবন্দরের কাছে হামলার কারণে বহু মানুষ ত্রিপোলিতে আটকা পড়ে আছে। এ অবস্থায় সব পক্ষেরই বিষয়টি আমলে নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা দেখানো উচিত এবং বেসামরিক নাগরিক এবং স্কুল, হাসপাতাল এবং বন্দিশালাসহ বিভিন্ন অবকাঠামোকে সুরক্ষিত রাখতে সম্ভাব্য সবরকম পদক্ষেপ নিতে হবে।”

পুরনো খবর:

লিবিয়ার রাজধানীর একমাত্র সচল বিমানবন্দরে বোমাবর্ষণ