পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু
ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর নতুন একটি ডানপন্থি জোট সরকার ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এবং বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ড পঞ্চমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি ও সাবেক সেনা প্রধান বেনি গ্যান্তজের নেতৃত্বাধীন মধ্যপন্থি নীল-সাদা জোট উভয়েই সমান আসনে জয় পেতে যাচ্ছেন বলে ভোট গণনায় দেখা গেছে।
কিন্তু লিকুদ ও মিত্র ডানপন্থি দলগুলো ১২০ আসনের পার্লামেন্টের (নেসেট) ৬৫ আসনে জয় নিয়ে সবচেয়ে বড় জোট হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
৬৯ বছর বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রী দুর্নীতির অভিযোগের মোকাবিলা করছেন।
তারপরও নির্বাচনের ফলাফল বলছে, চলতি বছরের শেষ দিকে তিনি ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হয়ে উঠতে পারেন, সেক্ষেত্রে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা পিতা ডেভিড বেন গুরিয়নকে ছাড়িয়ে যাবেন তিনি।
উৎসবমুখর সমর্থকদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন, “ডানপন্থি সরকার হতে যাচ্ছে, কিন্তু আমি সবারই প্রধানমন্ত্রী হবো।
“ইসরায়েলি জনগণ তাদের আস্থার ভোটটি পঞ্চমবারের মতো আমাকে দেওয়ায় আমি অত্যন্ত কৃতজ্ঞ। ইসরায়েলের সব নাগরিকের প্রধানমন্ত্রী হবো আমি। ডান, বাম, ইহুদি, অইহুদি-ইসরায়েলের সব নাগরিকের।”
ইসরায়েলের পার্লামেন্টে এ পর্যন্ত কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি এবং দেশটিতে সবসময় জোট সরকার ক্ষমতায় থেকেছে।
বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াই ও কোনো দল পরিষ্কার জয় পাবে না এমন আভাস আসার পর মঙ্গলবার রাতে নেতানিয়াহু ও নীল-সাদা জোটের নেতা বেনি গ্যান্তজ উভয়েই জয় দাবি করেছিলেন।
