২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ৩ মার্কিন সৈন্য ও এক সামরিক ঠিকাদার নিহত

আফগানিস্তানে তালেবানের এক গাড়ি বোমা হামলায় যুক্তরাষ্ট্রের তিন সৈন্য ও এক সামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2019, 10:50 AM

Updated : 08 Apr 2022, 04:03 PM

সোমবার রাজধানী কাবুল থেকে ২৫ কিলোমিটার উত্তরে বাগরাম বিমান ঘাঁটির কাছে ঘটনাটি ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে নেটোর নেতৃত্বাধীন সামরিক মিশন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এ ঘটনায় আরও তিন মার্কিন সৈন্য আহত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড বাটলার জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর বহরের কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটে।

তালেবান হামলার দায় স্বীকার করেছে। 

এ ঘটনায় নিহতদের নিয়ে ২০১৯ সালে আফগানিস্তানে নিহত মার্কিন সেনাদের সংখ্যা সাত জনে দাঁড়ালো।

যুক্তরাষ্ট্রর সরকার ও নেটোর প্রতিবেদন অনুযায়ী, ২০১৫-র জানুয়ারি থেকে আফগানিস্তানে এ পর্যন্ত মার্কিন সামরিক বাহিনীর মোট ৬৪ জন সদস্য নিহত হয়েছেন।

নেটোর আফগানিস্তান মিশনে বিভিন্ন দেশের প্রায় ১৭ হাজার সেনা মোতায়েন আছে। এদের প্রায় অর্ধেক যুক্তরাষ্ট্র থেকে এসেছে।