২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সংঘর্ষ: পালাচ্ছে হাজার হাজার মানুষ

লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে নতুন করে লড়াই শুরু হওয়ায় প্রাণ  বাঁচাতে অন্তত  দুই হাজার ৮০০ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 09:25 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

যারা পালাতে পারেনি তারা অত্যন্ত মানবেতর পরিস্থিতির মধ্যে পড়েছে। সেখানে পানি ও বিদ্যুতের মত জরুরি সেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার থেকে জেনারেল খলিফা হাফতারের বিদ্রোহী বাহিনী ত্রিপোলির উপকণ্ঠে আক্রমণ শুরু করে। তারা লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকারের কাছ থেকে ত্রিপোলির নিয়ন্ত্রণ কেড়ে নিতে চাইছে।

প্রধানমন্ত্রী ফায়েজ আল-সেরাজের অভিযোগ, জেনারেল হাফতার অভ্যুত্থানের চেষ্টা করছেন। বিদ্রোহী দলগুলো তার সঙ্গে যোগ দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

গণস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সোমবার হামলায় অন্তত ২৫ জন নিহত এবং আরো ৮০ জন আহত হয়েছে বলে জানানো হয়। যদিও এর আগে হতাহতের সংখ্যা আরো বেশি বলা হয়েছিল।

জেনারেল হাফতার বাহিনী তাদের অন্তত ১৪ যোদ্ধা নিহত হওয়ার খবর দিয়েছে।

ত্রিপোলির লড়াই তীব্র হওয়ার পর আহত ও বেসামরিকদের এলাকা ছাড়তে জাতিসংঘের পক্ষ থেকে দুই ঘণ্টার যুদ্ধবিরতি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু জেনারেল হাফতার বাহিনী আক্রমণ জারি রাখে বলে জানায় বিবিসি।

এর প্রতিক্রিয়া জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ আরো বেশ কয়েকটি দেশ আক্রমণ বন্ধের আহ্বান জানায়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, “ত্রিপোলির বিরুদ্ধে এ একতরফা লড়াই সেখানকার বেসামরিক নাগরিকদের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে। একই সঙ্গে তা লিবিয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুরু হওয়া সশস্ত্র আন্দোলনের মর্যাদাও ক্ষুন্ন করছে।”

লিবিয়া নিরাপত্তা পরিস্থিতি নাজুক হয়ে পড়ায় বিভিন্ন আন্তর্জাতিক শক্তি দেশটি থেকে তাদের বাহিনী সরিয়ে নিচ্ছে।

২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত এবং হত্যার মধ্য দিয়ে দেশটিতে যে রাজনৈতিক বিশৃঙ্খলা শুরু হয়েছিল। তা ক্রমে আরো নাজুক হয়েছে।

জাতিসংঘের উদ্যোগে দেশটিতে নতুন নির্বাচন আয়োজনের দিকনির্দেশনা নিয়ে আলোচনার জন্য আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল বৈঠকে বসার যে তারিখ ঠিক করা হয়েছিল তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।