২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের অঙ্গিকার বিজেপির

জম্মু ও কাশ্মীর রাজ্যের বাসিন্দাদের বিশেষ অধিকার দেওয়া কয়েক দশকের পুরনো একটি আইন বাতিল করার অঙ্গিকার করেছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 02:21 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

সোমবার হিন্দু জাতীয়তাবাদী দলটির প্রকাশ করা নির্বাচনী ইশতাহারে এ অঙ্গিকার করা হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভারতীয় সংবিধানের আর্টিকেল ৩৫এ অনুযায়ী জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা ছাড়া অন্য ভারতীয়রা এই রাজ্যটিতে সম্পত্তি কিনতে পারে না।

বিজেপির ইশতাহারে ১৯৫৪ সালে সংবিধান সংশোধন করে যুক্ত করা ওই ধারাটির বিষয়ে বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি আর্টিকেল ৩৫এ রাজ্যটির উন্নয়নের পথে একটি বাধা।”

নয়া দিল্লিতে দলের সদরদপ্তরে বিজেপির নির্বাচনী ইশতাহার প্রকাশনা অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “জাতীয়তাবাদ আমাদের অনুপ্রেরণা।”

কাশ্মীরের বিশেষ সাংবিধানিক অধিকার বিলুপ্ত করার জন্য মোদীর বিজেপি ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ ধরনের আইনের কারণে পুরো দেশের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সংযুক্তি বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি দলটির। 

বিজেপির এই নির্বাচনী প্রতিশ্রুতি ভারতের একমাত্র মুসলিম প্রধান রাজ্যটিতে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই আইনটি পাল্টানো হলে তা ব্যাপক অস্থিরতার কারণ হতে পারে বলে ইতোমধ্যে সতর্ক করেছেন কাশ্মীরের রাজনৈতিক নেতারা।

জম্মু ও কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চলছে। রাজ্যটিতে বিপুল সামরিক সদস্য মোতায়েন করে এই বিদ্রোহ দমনের চেষ্টা করছে নয়া দিল্লি।

আগামী বৃহস্পতিবার থেকে ভারতেরলোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে।