ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ
টানা কয়েক সপ্তাহ ধরে চলমান বিদ্যুৎ বিভ্রাট এবং পানির সংকটের মধ্যে ক্ষুব্ধ ভেনেজুয়েলার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
দেশটির বিরোধীদলীয় নেতা এবং ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র প্রধান হিসাবে স্বীকৃত হুয়ান গুইদোর ডাকে শনিবারের এ বিক্ষোভ হয়।
খাদের কিনারে থাকা অর্থনীতির কারণে ভেনেজুয়েলার নাগরিকদের জীবন গত কয়েক বছর ধরেই দুর্বিষহ হয়ে উঠেছে। খাদ্য এবং ওষুধের মত নিত্য প্রয়োজনীয় পণ্য সেখানে অপ্রতুল।
তারমধ্যেই এ বছরের শুরু থেকে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা দেশটির জনগণকে অন্ধকার এক ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। গত মাস থেকে দেশজুড়ে শুরু হওয়া বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতি আরো নাজুক করে তুলেছে। বিদ্যুৎ না থাকা চলছে পানি সংকট।
পানির চাহিদা মেটাতে রাজধানী কারাকাস ও আশেপাশের বাসিন্দারা নর্দমার পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে। শনিবার কারাকাসের বিক্ষোভকারীরা প্রথমে এল মার্কুয়েস এলাকায় জড়ো হয়।
বিক্ষোভে যোগ দেওয়া ৫৩ বছরের গৃহিনী ক্লাউডিয়া রুডে বলেন, “আমরা কিভাবে এই দখলদারের (মাদুরো) হাত থেকে মুক্তি পাব। আমরা এছাড়া আর কিছু ভাবতে পারছি না।
মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, “পানি চলে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এখন সেখানে আর কি যাওয়া বাকি মাদুরো, সেটা হলো তুমিও যাও।”
বিদ্যুৎ বিভ্রাটের কারণে দেশটিতে স্কুল এবং ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখতে হচ্ছে। নাগরিক সব সেবাই বন্ধ প্রায়। “আমরা এখানে শুধু পানি বা বিদ্যুতের দাবি জানাতে আসিনি। আমরা স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিতেও এসেছি”, মিছিল থেকে বলে গুইদো।
“আমরা নিজেদের এই পরিস্থিতিতে অভ্যস্ত হতে দেব না। আমরা এটার সঙ্গে থাকব না। আমরা এই প্রতারকদের আমাদের পুরো দেশকে দখলে রাখতে দেব না।”
