২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশান্ত লিবিয়া থেকে সরছে আন্তর্জাতিক বিভিন্ন বাহিনী

রাজধানী ত্রিপোলির দখল নেওয়াকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠা লিবিয়া থেকে সরিয়ে নেওয়া হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন বাহিনীর স্টাফ ও কর্মকর্তাদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 08:27 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

ইউএস আফ্রিকা কমান্ড জানিয়েছে, তারা মার্কিন বাহিনীর বেশকিছু কন্টিনজেন্ট অন্যত্র সরিয়ে নিয়েছে। ওদিকে, ভারত তাদের শান্তিরক্ষীদের তিউনিসিয়ায় সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।

লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে বিরোধী পক্ষ জেনারেল হাফতারের বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। হাফতারের বিদ্রোহী বাহিনী ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’ (এলএনএ) পূর্ব দিক থেকে ত্রিপোলির দখল নেওয়ার লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে।

জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী হাফতারের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা অভিযোগ করেছেন এবং বিদ্রোহীদেরকে শক্তি প্রয়োগ করে হটিয়ে দেওয়া হবে বলে শাসিয়েছেন।

২০১১ সালে দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাসিন্দারা সরকার এবং সরকারের সঙ্গে পূর্বভিত্তিক এলএনএ বাহিনীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই, সহিংসতা দেখে আসছে।

লিবিয়া ছাড়ছে কারা এবং কেন?

চারদিন আগে হাফতার বাহিনী অভিযান শুরু করেছে। রাজধানীর উপকণ্ঠে চলছে তাদের লড়াই। এ লড়াই-সংঘর্ষে ক্রমেই নিরাপত্তা পরিস্থিতির অবনতি হতে থাকায় আন্তর্জাতিক গ্রুপগুলো তাদের স্টাফদের সরিয়ে নিতে শুরু করেছে।

আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তাকারী ইউএস আফ্রিকা কমান্ড বাড়তে থাকা এ অস্থিরতার কারণে সাময়িকভাবে কন্টিনজেন্ট সরিয়ে নেওয়া কথা জানায়।

অন্যদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, লিবিয়া পরিস্থিতি হঠাৎ অশান্ত হয়ে ওঠার কারণে শান্তিরক্ষী বাহিনীর ১৫ টি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স কন্টিনজেন্টের পুরোটাই ত্রিপোলি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতিসংঘও তাদের অপ্রয়োজনীয় কিছু স্টাফ দেশটি থেকে সরিয়ে নিচ্ছে। তাছাড়া, ইতালির বহুজাতিক একটি তেল ও গ্যাস কোম্পানিও তাদের কর্মকর্তাদেরকে লিবিয়া থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

লড়াই পরিস্থিতি কেমন?

রাজধানীর দক্ষিণে আন্তর্জাতিক বিমানবন্দরে রোববারও লড়াই চলছে। এ বিমানবন্দর হাফতার তার বাহিনী আগেই দখল করেছে বলে দাবি করেছেন।

জেনারেল হাফতারের এলএনএ বাহিনী ত্রিপোলির দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে বহুমুখী হামলা চালাচ্ছে।

তবে জাতিসংঘ-সমর্থিত ‘গভার্নমেন্ট অব ন্যাশনাল একর্ড’ (জিএনএ) এর অনুগত বাহিনী এখন বিদ্রোহীদের অগ্রযাত্রার গতি মন্থর করে দিয়েছে। শনিবার ত্রিপোলির  ৫০ কিলোমিটার দক্ষিণে জিএনএ’র বিমান থেকে তুমুল হামলা চলেছে। মিসরাতার এক মিলিশিয়া জিএনএ বাহিনীর সঙ্গে থাকার কথা জানিয়েছে।

লিবিয়ায় আছে কয়েক ডজন মিলিশিয়া। সম্প্রতি তাদের কেউ জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী জিএনএ আবার কেউ হাফতারের বাহিনী এলএনএ’র সঙ্গে যোগ দিচ্ছে।