২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলির কাছে পূর্ব লিবীয় বাহিনী, বিমানবন্দরের কাছে লড়াই

সাবেক সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন পূর্ব লিবীয় সামরিক বাহিনী রাজধানী ত্রিপোলির দক্ষিণ প্রান্তে পৌঁছে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2019, 09:14 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

বৃহস্পতিবার রাতে হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) বাহিনী ত্রিপোলির কাছে পরিত্যাক্ত সাবেক আন্তর্জাতিক বিমানবন্দর দখল করে নিয়েছে বলে শুক্রবার জানিয়েছে এলএনএ-র এক মুখপাত্র ও স্থানীয় বাসিন্দারা।

পূর্ব লিবীয় বাহিনী রাজধানীর উপকণ্ঠে চলে আসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলির সরকার জোর ধাক্কা খেয়েছে।

২০১১ সালে লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উচ্ছেদের পর থেকে লিবিয়ায় অস্থিরতা বিরাজ করছে। দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে আছে।

পশ্চিম লিবিয়া নিয়ন্ত্রণ করছে জাতিসংঘ স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকার। অপরদিকে এলএনএর সমর্থনে বেনগাজিভিত্তিক আরেকটি প্রশাসন পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণ করছে।

২০১৪ সালে হাফতার গাদ্দাফির সাবেক সৈন্যদের সংগঠিত করে এলএনএ গঠন করেন এবং তিন বছর যুদ্ধের পর লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রধান শহর বেনগাজির নিয়ন্ত্রণ নেন। চলতি বছর হাফতার দেশটির দক্ষিণাঞ্চলের তেলক্ষেত্রগুলোসহ ওই এলাকা নিয়ন্ত্রণে নেন।

গত সপ্তাহে হাফতারের বাহিনী পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হতে শুরু করে। ত্রিপোলি থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরে ত্রিপোলির জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী ফয়েজ আল সেরাজের অনুগত বাহিনীগুলোর সঙ্গে খণ্ডযুদ্ধের পর বৃহস্পতিবার শহরটি দখল করে নেয় এলএনএ।

গারিয়ান থেকে অগ্রসর হয়ে এলএনএ কিছু লড়াইয়ের পর ত্রিপোলি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে সুক আল খামিস গ্রামের নিয়ন্ত্রণ নেয় বলে রয়টার্সকে জানিয়েছেন স্থানীয় এক বাসিন্দা ও পূর্বাঞ্চলীয় সামরিক সূত্রগুলো।

শুক্রবার এলএনএ জানায়, তারা ত্রিপোলির দক্ষিণ উপকণ্ঠে সাবেক ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দর ও সংলগ্ন কাসর বেন গাশির ও ওয়াদি আল রাবি দখল করে নিয়েছে। 

ত্রিপোলি বিমানবন্দরটি ২০১৪ সাল থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

তাদের বাহিনীগুলো বিমানবন্দরটি পুনর্দখল করেছে বলে দাবি করেছিলেন ত্রিপোলির স্বরাষ্ট্রমন্ত্রী ফাথি বাশাগা, কিন্তু তার দাবি প্রত্যাখ্যান করে এলএনএর মুখপাত্র আহমেদ মিসমারি জানিয়েছেন, সাবেক বিমানবন্দরটি তাদের নিয়ন্ত্রণে আছে।

বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত তাদের পাঁচ সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে এলএনএ।

এলএনএর এই অগ্রযাত্রা তড়িৎগতির হলেও পার্বত্যাঞ্চলীয় শহর গারিয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হাফতারের বাহিনী মূলত জনবিরল এলাকা পার হয়েছে। গারিয়ান থেকে উপকূলবর্তী সমতলভূমিতে নেমে আসা সড়ক ধরেই এলএনএ দ্রুত রাজধানীর দিকে এগিয়ে গেছে।

২০১৪ সালে ত্রিপোলি দখলের লড়াইয়ে অগ্রসরমান বাহিনীর যোদ্ধাদের পুরনো বিমানবন্দর থেকে শহরটির কেন্দ্র পর্যন্ত পৌঁছতে কয়েক সপ্তাহ লেগে গিয়েছিল। স্নাইপাররা তাদের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিলেন।

ত্রিপোলির পূর্বের শহর মিসরাতা থেকে সেরাজির অনুগত অতিরিক্ত বাহিনী ত্রিপোলির দিকে রওনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অগ্রগতি সত্বেও দুটি জায়গায় হাফতারের বাহিনী ত্রিপোলি অনুগতদের কাছে পরাজিত হয়েছে। ত্রিপোলির ৩০ কিলোমিটার পশ্চিমে হাফতারের বাহিনী তিউনিসিয়াগামী উপকূলীয় একটি সড়কের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

অপর ঘটনায় রাজধানীর পশ্চিমে জাবিয়াতে ত্রিপোলির বাহিনী এলএনএর ১৪৫ জন যোদ্ধাকে আটক করেছে বলে রয়টার্সকে জানিয়েছেন পশ্চিমা কমান্ডার মোহাম্মদ আলহুদাইর।

এলএনএর একটি সূত্র তাদের ১২৮ জন যোদ্ধা বন্দি হয়েছেন বলে নিশ্চিত করেছে।