২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত ৬ রোহিঙ্গা ‘সন্ত্রাসীদের সঙ্গে জড়িত’: মিয়ানমার সেনাবাহিনী

হেলিকপ্টার হামলায় নিহত ৬ রোহিঙ্গা ‘সন্ত্রাসীদের সঙ্গে জড়িত’: মিয়ানমার সেনাবাহিনী

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2019, 08:59 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

রাখাইনে হেলিকপ্টার হামলায় ৬ রোহিঙ্গা নিহত এবং ৯ জন আহত হয়েছে। তারা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে দাবি করেছে মিয়ানমারের সেনাবাহিনী।

বুধবার রাখাইনের একটি গ্রামের কাছে বুথিডাং শহরের একটি উপত্যকায় রোহিঙ্গাদের একটি দলের ওপর ওই হামলা চালায় সেনাবাহিনী। শুক্রবার তারা ঘটনাটি সম্পর্কে এ তথ্য জানাল।

সেনাবাহিনী পরিচালিত ‘মায়াওয়াদি’ পত্রিকা বলেছে, “বুথিডাংয়ে বুধবার সেনাবাহিনী আরাকান আর্মির সন্ত্রাসী তৎপরতা দমনাভিযানে নিয়োজিত থাকার সময় ওই গ্রামবাসীরা সন্ত্রাসীদের সঙ্গে ছিল।”

যদিও তিন গ্রামবাসী এবং এক আঞ্চলিক আইনপ্রণেতা বৃহস্পতিবার রয়টার্সকে বলেছিলেন, ওই রোহিঙ্গারা সাই দীন উপত্যকায় বাঁশ সংগ্রহ করার সময় সামরিক হেলিকপ্টার থেকে তাদের ওপর হামলা হয়। হামলার শিকার সবাই বাঁশ শ্রমিক।

মিয়ানমারের রাখাইন পরিস্থিতি বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসে ২০১৭ সালে। যখন মিয়ানমারের কয়েকটি পুলিশ ফাঁড়িতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলারঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সেনাঅভিযানের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা।

জাতিসংঘ গণহত্যার উদ্দেশ্য নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী সংখ্যালঘু এই মুসলিম রোহিঙ্গাদের দমন করতে চেয়েছে বলে অভিযোগ করেছে।

সম্প্রতি মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মি নামে আরেকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করছে। এই সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা স্থানীয় বৌদ্ধ জাতিগোষ্ঠীর।

আরাকান আর্মির মুখপাত্র খিন থু খা গত বুধবারের সামরিক হামলায় নিহত ও আহতরা তাদের দলের সদস্য নয় বলে জানিয়েছেন। সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবেই হামলা করছে জানিয়ে তিনি বলেন, তারা সব জায়গায় বোমা ফেলছে। জঙ্গলে আরাকান আর্মির সদস্যরা আছে ভেবে তারা বোমা ফেলছে।

শুক্রবার এক হাসপাতাল কর্মকর্তা জানিয়েছেন, বুথিডাং সরকারি হাসপাতালে আহত ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আহত৯ জনকে চিকিৎসার জন্য সেনা পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছে।