২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রুনাই হোটেলগুলোর স্যোশাল মিডিয়া একাউন্ট বন্ধ

কঠোর ইসলামিক শরিয়া আইন চালুর জেরে বিশ্বব্যাপী ব্রুনাইয়ের সুলতানের মালিকানাধীন বিলাসবহুল সব হোটেল বয়কটের ডাক ওঠার পর এবার সমালোচনার মুখে হোটেলগুলো তাদের স্যোশাল মিডিয়া পেজগুলো লুকিয়ে ফেলতে শুরু করেছে। একাউন্টগুলো মুছে দেওয়া কিংবা সেগুলোতে প্রবেশ বন্ধ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 06:16 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

ব্রুনাই বুধবার সমকামিতাসহ বিবাহ বহির্ভূত যৌনতার মত অপরাধে পাথর ছুড়ে শাস্তির আইন চালুর ঘোষণা দেওয়ার পর হলিউড তারকারাসহ অন্য আরো অনেক তারকা এবং রাজনীতিবিদরা ওইসব হোটেল বয়কটের ডাক দেন। এবার অনলাইনে তুমুল সমালোচনার মুখে হোটেলগুলো তাদের স্যোশাল মিডিয়া একাউন্ট বন্ধ করল।

যুক্তরাষ্ট্রের টক শো হোস্ট অ্যালেন ডিজেনারেস বিশ্বে ব্রুনাই মালিকানাধীন ৯ টি হোটেল বয়কটের আহ্বান জানানো একটি টুইটার পোস্ট শেয়ার করলে অনলাইনে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এরপরই স্যোশাল মিডিয়ায় বন্ধ হয় হোটেলগুলোর একাউন্ট। যদিও সব একাউন্ট মুছে দেওয়া হয়নি।

টুইটারে হোটেলগুলোর আটটি একাউন্ট মুছে দেওয়া হয়েছে কিংবা নিস্ক্রিয় করে দেওয়া হয়েছে। কেবল ইতালির একটি হোটেল পেজ এখনো ওয়েবসাইটে দেখতে পাওয়া যাচ্ছে। তবে কোনো টুইট দেখা যাচ্ছে না।

ইন্সটাগ্রামে তিনটি হোটেল বাদে প্রায় সবগুলোর একাউন্টই মুছে দেওয়া কিংবা নিস্ক্রিয় করা হয়েছে। ফ্রান্সের দুটো হোটেল এবং রোমের একটি হোটেলের পোস্ট দেখা যাওয়া ঠেকাতে সেগুলোকে ‘প্রাইভেট’ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, ফেইসবুকে সব হোটেলেরই একাউন্ট বন্ধ করা হয়েছে। হোটেলগুলোর পেজে ঢোকার চেষ্টা করলেই পাওয়া যাচ্ছে ‘এরর মেসেজ’।

সবকিদ থেকেই ব্রুনাইকে বয়কট শুরু হয়েছে। শুধু হোটেলই নয়, রয়্যাল ব্রুনাই এয়ারলাইন্সের সঙ্গে চুক্তিরও ইতি টেনেছে ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্স। অনলাইনজুড়ে এখনো বইছে সমালোচনার ঝড়।

বেশির ভাগ মন্তব্যই আসছে হোটেলগুলোর স্টাফদেরকে ঘিরে। ৯ টি হোটেলের ব্যবস্থাপক কোম্পানি ডর্চেস্টার কালেকশন এর স্টাফদের সম্পর্কে একজনের জিজ্ঞাস্য, “ডর্চেস্টারের সমকামী স্টাফদের পাথর ছুড়ে হত্যার শিডিউল তৈরি করা হচ্ছে কিনা?” অনেকেই এসব হোটেলে কাজ করা সমকামী কর্মীদের জন্য সমবেদনাও প্রকাশ করেছে।

অনেকে আবার স্টাফদের আক্রমণ না করার অনুরোধ জানিয়েছে। আবার কেউ কেউ বলেছে, “এই বয়কটে শুধু স্টাফরাই ভুক্তভোগী হবে, ব্রুনাইয়ের সুলতান নয়।”

স্টাফদের নিয়ে এমন সব মন্তব্যের জেরে ডর্চেস্টার কালেকশন তাদের স্যোশাল মিডিয়া একাউন্টে প্রবেশ বন্ধ করেছে। হোটেল কর্মচারীদের নিয়ে ব্যক্তিগত আক্রমণের কারণে তারা হোটেলের স্যোশাল পেজ নিস্ক্রিয় করতে বাধ্য হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে।