ব্রেক্সিটে আরও দেরিতে ‘সায় দিতে পারে’ ইইউ
আটাশ দেশের জোট থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদের সময় এক দফা বাড়ানোর পর আরও ১২ মাস পর্যন্ত সময় নমনীয় থাকার একটি প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী বৈঠকে আলোচনা হতে পারে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কই এ প্রস্তাব দিতে পারেন বলে ইইউর এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
এ সময়ের মধ্যে ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট বিষয়ক কোনো চুক্তি অনুমোদিত হলে যুক্তরাজ্য আগেও ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে, প্রস্তাবে এমন সুযোগও রাখা হবে।
ইউরোপের নেতারা সম্মত হলেই জোটের পক্ষ থেকে যুক্তরাজ্যকে এ ছাড় দেয়া হবে, জানিয়েছেন ইইউর ওই উর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে ব্রেক্সিট নিয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভদের সঙ্গে বিরোধী লেবার পার্টির বৈঠক অব্যাহত আছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী টেরিজা মে-র সঙ্গে বিরোধীদলীয় নেতা জেরমি করবিনের এ সংক্রান্ত ‘কৌশলগত’ আলোচনা ‘ফলপ্রসূ হয়েছে’ বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। দুই নেতা শুক্রবার ফের বসবেন।
বৈঠকটি ব্যর্থ হলে ব্রেক্সিট সম্পন্নে ‘অনেক দেরি হতে পারে’ বলে আশঙ্কা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল জিওফ্রে কক্স।
গত মাসে দুই সপ্তাহ মেয়াদ বাড়ানোর কারণে আপাতত ১২ এপ্রিলই যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার নির্ধারিত দিন।
যদিও এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চুক্তিতে সম্মত হতে পারেননি ব্রিটিশ এমপিরা।
চুক্তিসহ ব্রেক্সিট চাইলে নির্ধারিত এ তারিখের চেয়ে দেরি হতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন টেরিজা মে।
যুক্তরাজ্য চুক্তি ছাড়া জোট ছাড়লে তা দুই পক্ষের ব্যবসা-বাণিজ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলেই বেশিরভাগ ব্রিটিশ এমপি ও ইউরোপীয় নেতাদের ধারণা।
নতুন করে বিলম্বের অনুরোধ ছাড়া ব্রেক্সিট সম্পন্নে করবিন ও মে-কে ১০ এপ্রিলের আগেই একমত হতে হবে। এ দুই নেতার সম্মতিতে পার্লামেন্টে কোনো প্রস্তাব এলে তা অনুমোদিত হতে ঝামেলা পোহাতে হবে না বলে অনুমান পর্যবেক্ষকদের।
ব্রেক্সিটের মেয়াদ বাড়াতে যুক্তরাজ্য কোনো অনুরোধ করলে তা নিয়ে ইউরোপের নেতাদের ১০ এপ্রিলই জরুরি বৈঠকে বসার কথা রয়েছে।
