অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থিদের সঙ্গে ‘সখ্য ছিল ট্যারান্টের’
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে অর্ধশত লোককে হত্যার দায়ে আটক ব্রেন্টন ট্যারান্টের সঙ্গে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলোর যোগাযোগের বিষয়ে নতুন কিছু তথ্য পাওয়া গেছে।
এদের মধ্যে ল্যাডস হাউস নামে একটি ‘শ্বেতাঙ্গ ভাবধারার’ সংগঠনের সঙ্গেই ট্যারান্টের সখ্য বেশি ছিল বলে অনলাইনের বিভিন্ন পোস্ট ও সংগঠনটির দুই শীর্ষ নেতার সঙ্গে কথা বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সদস্যদের মাদকমুক্ত জীবন গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত এ সংগঠন তার মেলবোর্ন ও সিডনির ক্লাবহাউসগুলোতে ‘হোয়াইট রেজিট্যান্স’ ও ‘ইসলামোফোবিয়া’বিষয়ে দীক্ষা দেয় বলে এর দুই নেতার সাক্ষাৎকার থেকে জানা গেছে।
অস্ট্রেলিয়ার অন্যতম প্রভাবশালী এ উগ্রপন্থি গোষ্ঠীরা সদস্যরা গত বছর ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ন্যাশনাল পার্টির যুব সংগঠনের ভেতরও কাজ করা শুরু করেছিল; পরিচয় প্রকাশিত হয়ে পড়লে পরে অবশ্য তাদেরকে দল থেকে বের করে দেওয়া হয়।
নিউ জিল্যান্ডের দুই মসজিদে ট্যারান্টের হামলার পর গোষ্ঠীটির কার্যক্রম নিয়ে ফের আলোচনা শুরু হয়।
ক্রাইস্টচার্চে হামলার কয়েক ঘণ্টার পর ল্যাডস সোসাইটি তাদের ফেইসবুক পেইজে মসজিদে গুলিবর্ষণ ও ২৮ বছর বয়সী ট্যারান্টকে নিয়ে আলোচনা উসকে দেয় বলে ওই পেইজে প্রবেশাধিকার ছিল এমন এক ব্যক্তির কাছ থেকে পাওয়া ৫টি স্ক্রিনশট দেখে জানিয়েছে রয়টার্স।
“তিনি বেশ কিছুক্ষণ দৃশ্যপটে ছিলেন। গাদা গাদা বিটকয়েন বানিয়েছিলেন তিনি, তা দিয়ে ছুটি কাটানোর খরচও মিটিয়েছিলেন। ২০১৭ সালে তার সঙ্গে আমার কথা হয়েছিল, যখন তিনি সবাইকে অর্থ দান করছিলেন,” স্কিনশটে ট্যারান্ট সম্পর্কে বলেছেন ল্যাডস সোসাইটির প্রতিষ্ঠাতা টম সিওয়েল।
পরে দেওয়া এক বিবৃতিতে সিওয়েল জানান, ক্রাইস্টচার্চে হামলার পর তাকেসহ ল্যাডস সোসাইটির অন্যান্য নেতাদের অস্ট্রেলিয়ার গুপ্তচর সংস্থা সিকিউরিটি ইন্টিলিজেন্স অর্গানাইজেশন (এএসআইও) জিজ্ঞাসাবাদ করেছে।
তবে ক্রাইস্টচার্চে হামলায় আটক সন্দেহভাজনের বিষয়ে মন্তব্য কিংবা তার সম্পর্কে কিছু জানেন কি না এমন প্রশ্নের জবাব দিতে রাজি হননি তিনি।
এএসআইও বলেছে, তারা সুনির্দিষ্ট ব্যক্তি, তথ্য বা অভিযান সম্পর্কে মন্তব্য করে না। নাগরিকদের ‘কট্টর ডানপন্থি মতাদর্শে বিশ্বাসীদের’ সম্পর্কে সতর্ক করা হয়েছিল বলেও জানিয়েছে তারা।
ট্যারান্টের সঙ্গে কট্টর ডানপন্থি ল্যাডস সোসাইটির সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ।
এ বিষয়ে পুলিশি হেফাজতে থাকা ট্যারান্টের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
নিউ জিল্যান্ডে ওই সন্ত্রাসী হামলার পর ‘শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের’ বিরুদ্ধে ফেইসবুকের চালানো খড়্গয় কাটা পড়েছে ল্যাডস সোসাইটির পেইজও।
যদিও প্রাইভেট গ্রুপটিতে দেওয়া সিওয়েলের বার্তায় ট্যারান্ট যে কট্টর ডানপন্থিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তার প্রমাণ পাওয়া গেছে।
হামলার কয়েক মিনিট আগে এইটচ্যান মেসেজ বোর্ডে ট্যারান্ট তার ফেইসবুক লাইভের লিংকটি শেয়ার করেন এবং লেখেন, “আপনারা সেরা মরদ ও অসাধারণ কোবারস, একজন যা সর্বোচ্চ চাইতে পারে।”
অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের মধ্যে এই ‘কোবারস’ স্ল্যাংটি বেশ জনপ্রিয় বলে জানিয়েছে রয়টার্স।
অতীতের বর্ণবাদী ঐতিহ্য এবং অভিবাসন ও ইসলাম নিয়ে চলমান রাজনৈতিক আলোচনা-সমালোচনাই দেশটিতে উগ্রপন্থাকে উসকে দিচ্ছে কিনা তা নিয়ে তীব্র বিতর্ক চলছে ট্যারান্টকে নিয়ে তীব্র অস্বস্তিতে থাকা অস্ট্রেলিয়ায়।
ক্রাইস্টচার্চে হামলার পরদিন সিডনির একটি মসজিদের বাইরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের দেওয়া বক্তৃতায়ও এ দ্বন্দ্বের প্রসঙ্গটি উঠে এসেছিল।
“আমাদের একটি সহনশীল ও বহুসংস্কৃতির মেলবন্ধনের সমাজ আছে; এটি অভিবাসী বিষয়ে বিশ্বের সবচেয়ে সফল দেশ। এই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা, তাদের শ্বেতাঙ্গ বিচ্ছিন্নতাবাদী দৃষ্টিভঙ্গি নতুন নয়। দুঃখজনক হলেও সত্যি, এসব অনুভূতি শত শত বছর ধরে অস্ট্রেলিয়ায় রয়ে গেছে,” বলেছেন তিনি।
গ্রাফটন শহরে বেড়ে ওঠা ট্যারান্টের কাছ থেকে অস্ট্রিয়ার কট্টর ডানপন্থি গোষ্ঠী আইডেন্টিটারিয়ান মুভমেন্টও ১ হাজার ৬৯০ ডলার অনুদান পেয়েছিল বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ।
হামলার আগের নয় বছরের বেশিরভাগ সময়ই ট্যারান্ট ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ঘুরে বেড়িয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।
“কারও নজরেই ছিলেন না ট্যারান্ট, কোথাও ছিলেন না। গত তিন বছরে সে মাত্র ৪৫ দিন অস্ট্রেলিয়ায় ছিল.” বলেছেন প্রধানমন্ত্রী মরিসন।
কট্টর-ডানপন্থি গ্রুপ ইউনাইটেড প্যাট্রিয়ট ফ্রন্টের (ইউপিএফ) মুছে দেওয়া ফেইসবুক অ্যাকাউন্টের আর্কাইভের বরাত দিয়ে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ট্যারান্ট একসময় ইউপিএফের অন্যতম প্রধান নেতা ব্লেয়ার কটরেলকে ‘সম্রাট’ হিসেবে অভিহিত করেছিলেন।
এ কটরেলই সিওয়েলকে সঙ্গে নিয়ে ইউপিএফ প্রতিষ্ঠা করেছিলেন। ২০১৭ সালে সিওয়েল ল্যাডস সোসাইটি প্রতিষ্ঠা করলেও তাতেও সহযোগিতা ছিল কটরেলের।
অস্ট্রেলিয়ায় কট্টর ডানপন্থিদের মধ্যে অন্যতম পরিচিত মুখ কটরেল এখনও ইউপিএফের প্রধান এবং ল্যাডস সোসাইটির কোনো পদে না থাকলেও গোষ্ঠীটির বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে নিয়মিতই দেখা যায় বলে জানিয়েছে বেশ কয়েকটি সূত্র।
ট্যারান্ট একসময় ইউপিএফকে অস্ট্রেলিয়ার ৫০ ডলার দান করেছিলেন বলে রয়টার্সকে জানিয়েছেন কটরেল।
“ট্যারান্টকে আমি প্রভাবিত করেছি এমনটা বিশ্বাস করি না আমি। সম্ভবত বছর তিনেক আগে, বেন্ডিগোতে মসজিদ নির্মাণের বিরোধীতায় আমাদের সমর্থন দিয়েছিলেন তিনি,” বলেন ইউপিএফের এ প্রতিষ্ঠাতা।
২০১৭ সালে ভিক্টোরিয়ার ছোট শহর বেন্ডিগোতে মসজিদ নির্মাণের প্রতিবাদে কাউন্সিল অফিসের বাইরে প্রতীকি শিরশ্ছেদের ভিডিও করে মুসলমানদের অপমান করার দায়ে কটরেল ও ইউপিএফের আরও দুই সদস্য দোষী সাব্যস্ত হয়েছিলেন।
