ভেনেজুয়েলায় গুইদোকে বিচারের পট প্রস্তুত
ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা হুয়ান গুইদোর বিচার করার পট প্রস্তুত করেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত আইনপ্রণেতারা।
গুইদোর বিচার শুরুর একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে দেশটির প্রভাবশালী গণপরিষদ।
ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টি নিয়ন্ত্রিত এ পরিষদ মঙ্গলবারের ওই অনুমোদনের কারণে গুইদোকে গ্রেপ্তারের পথ আরো সুগম হল।
গণপরিষদের প্রধান দিওসদাদো ক্যাবেলো বলেন, “এর মাধ্যমে (গুইদোর) বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দেয়া হচ্ছে।”
গণপরিষদের প্রধান ছাড়াও ক্যাবেলো সোস্যালিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট।
২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে অস্বচ্ছ ঘোষণা করে গত জানুয়ারিতে গুইদো নিজেকে অর্ন্তবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন।
যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকার বেশিরভাগ দেশ এবং ইউরোপের দেশগুলো গুইদোকে স্বীকৃতি দেয়। অন্যদিকে, রাশিয়া ও চীন বর্তমান পেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সমর্থন দেয়।
গণপরিষদের ঘোষণার পর রাজধানী কারাকাসে সাংবাদিকদের গুইদো বলেন, “আমরা আমাদের দায়িত্ব থেকে পালাতে যাচ্ছি না। তারা ভাবছে এটা খুব সহজ হবে, কিন্তু তেমনটা হবে না। যদি তারা আমার বিচার প্রক্রিয়া নিয়ে অগ্রসর হতে চায় তবে এর পরিণতি নিয়েও তাদের অবশ্যই ভাবতে হবে।”
দেশটির সাংবিধানিক আইনজীবী হোসে ভিসেন্তে হ্যারো গণপরিষদের এই অনুমোদনকে ‘সাংবিধানিক প্রতারণা’ বলে বর্ণনা করেন।
তিনি বলেন, এটার মাধ্যমে জাতীয় পরিষদের অনুমোদন ছাড়াই সেটির সদস্য হিসেবে গুইদো যেসব সুরক্ষার অধিকারী তা কেড়ে নেওয়া হল। সাংবিধানিকভাবে জাতীয় পরিষদের অনুমোদন ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না।
টেলিফোনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “এটা বিচারের যথাযথ প্রক্রিয়ারও লঙ্ঘন। কারণ তাকে আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।”
ভেনেজুয়েলার বর্তমান জাতীয় পরিষদ বিরোধীদের নিয়ন্ত্রণে। ওদিকে, গণপরিষদের অনুমোদনের পর গুইদোকে ‘বিচারের মুখোমুখি হতে হবে’ বলে হুঙ্কার দিয়ে মাদুরো বলেন, “গুইদোকে পুতুল বানিয়ে যুক্তরাষ্ট্র অভ্যূত্থানের ষড়যন্ত্র করছে। কিন্তু গ্রেপ্তারের মাধ্যমে তাকে আটকানো হবে।”
ওদিকে গুইদোকে স্পর্শ করা হলে কঠোর নিষেধাজ্ঞা নেমে আসার হুমকি আগেই দিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন।
