২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমকামিতা: ব্রুনাইয়ে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডের আইন চালু

ব্রুনাইয়ে পাথর ছুড়ে মৃত্যুদণ্ডসহ সমকামিতাবিরোধী কঠোর ইসলামিক আইন কার্যকর করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2019, 01:56 PM

Updated : 08 Apr 2022, 04:01 PM

বুধবার থেকে কার্যকর হওয়ার নতুন এ আইনগুলোর মধ্যে চুরির দায়ে অঙ্গচ্ছেদের মতো দণ্ডও রাখা হয়েছে বলে খবর বিবিসির।

বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দক্ষিণপূর্ব্ এশিয়ার ক্ষুদ্র এ রাষ্ট্রটির সুলতান ‘জোরালো’ ইসলামিক শিক্ষা প্রণয়নের কথা বলেছেন।

নতুন আইনের উল্লেখ ছাড়াই তিনি বলেছেন, “এই দেশে ইসলামিক শিক্ষা জোরদার হচ্ছে এটি দেখতে চাই আমি।”

নতুন এই আইনানুযায়ী, অভিযুক্তরা যদি নিজেদের সমকামী বলে স্বীকার করে অথবা অন্তত চার জন প্রত্যক্ষদর্শী তাদের এ ধরনের কাজ করতে দেখে তবেই তাদের সমকামিতার দায়ে অপরাধী সাব্যস্ত করা যাবে।

ব্রুনেইয়ে সমকামিতা নিষিদ্ধ এবং সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডযোগ্য অপরাধ।

‘মধ্যযুগীয় এই দণ্ডের’ বিধানে মর্মাহত ব্রুনাইয়ের সমকামী সম্প্রদায় শঙ্কা প্রকাশ করেছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক দেশটির এক সমকামী ব্যক্তি বিবিসিকে বলেছেন, “ঘুম থেকে ওঠার পর আপনি অনুভব করলেন প্রতিবেশীরা, আপনার পরিবারের সদস্যরা এমনকী রাস্তার পাশে বসে ভাজা চিংড়ি বিক্রি করা ওই সুন্দরী বৃদ্ধা নারীটিও আপনাকে আর মানুষ বলে ভাবছে না আর তারা পাথর ছুড়ে মারার সঙ্গে একমত।” 

ব্রুনাইয়ের এসব পদক্ষেপ আন্তর্জাতিক নিন্দারও কারণ হয়েছে।

এই দণ্ডবিধিকে নিষ্ঠুর ও অমানবিক বর্ণনা করে গভীর উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

আন্তর্জাতিক মানবাধিকার আইনানুযায়ী, যে কোনো পরিস্থিতিতে পাথর ছোড়া, অঙ্গচ্ছেদ অথবা বেত্রাঘাত, আইনি সংস্থাগুলোর হেফাজতে নিয়ে নির্যাতনসহ সব ধরনের শারীরিক শাস্তি নিষিদ্ধ করা হয়েছে।

স্বাক্ষর করলেও ব্রুনেই দারুসসালম এখনও নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক শাস্তির বিষয়ে ঘোষণাপত্র অনুমোদন করেনি। ২০১৪ সালে জাতিসংঘে দেশটির মানবাধিকার সংক্রান্ত পর্যালোচনায় ওই ঘোষণাপত্রের সব সুপারিশ বাস্তবায়ন করতে অস্বীকার করে তারা।

আন্তর্জাতিক মানবাধিকারের মূল ঘোষণাপত্রে যে কোনো ধরনের নির্যাতনসহ ও অন্যান্য নিষ্ঠুর শাস্তি পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই ঘোষণা প্রত্যেক রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক আন্তর্জাতিক আইন হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও এর অধিকাংশ ধারাগুলোই অনুমোদন করেনি ব্রুনেই।

ব্রুনেইয়ের এই শরিয়া দণ্ডবিধির প্রথম অংশটি ২০১৪-র এপ্রিলে বাস্তবায়ন করা হয়েছিল। 

দণ্ডবিধির মুলতুবি বিধানগুলোতে সবচেয়ে গুরুতর অপরাধের নামে শিশুসহ যে কাউকে ঢিল ছুড়ে হত্যা ও অঙ্গচ্ছেদের শাস্তি দেওয়া যাবে।