কিউবায় আর্নেস্ট হেমিংওয়ের সৃষ্টি সংরক্ষণের উদ্যোগ
নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের লেখা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে কিউবা। রাজধানী হাভানায় খোলা হয়েছে একটি সংরক্ষণকেন্দ্র।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কংগ্রেস সদস্য ডেমোক্র্যাটিক নেতা জিম ম্যাকগোভার্ন শনিবার ফিতা কেটে এ কেন্দ্র উদ্বোধন করেন। তিনি বলেন, “আমরা একসঙ্গে হাত মেলালে, কাজ করলে ইতিবাচক এবং চমৎকার অনেক কিছুই করতে পারি।”
কিউবান ন্যাশনাল কালচারাল হেরিটেজ কাউন্সিল এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত ফিঙ্কা ভিজিয়া ফাউন্ডেশন যৌথভাবে ২০১৬ সাল থেকে ওই কেন্দ্র তৈরির কাজ শুরু করেছিল। হেমিংওয়ে যে বিশাল বাড়িতে বাস করতেন সেখানেই অবস্থিত এ কেন্দ্র।
ফোর্ড ফাউন্ডেশন, ‘আমেরিকান এক্সপ্রেস ফিলানথ্রোপি’ ও ‘এটি অ্যান্ড টি ফাউন্ডেশন’সহ আরও কিছু প্রতিষ্ঠান থেকে সংরক্ষণকেন্দ্রটির জন্য তহবিল দেওয়া হয়েছে। এ কেন্দ্রে একটি ল্যাবরাটরি এবং একটি শীতাতপ নিয়ন্ত্রিত ভল্টও আছে।
স্নায়ুযুদ্ধকালীন শত্রু দেশ যুক্তরাষ্ট্র ও কিউবার দ্বিপক্ষীয় সম্পর্ক বারবার শীতল হওয়ার মধ্যেও এ উদ্যোগ দু’য়ের মধ্যে সহযোগিতার এক নতুন অধ্যায়কে সামনে নিয়ে এসেছে।
কালজয়ী কথাসাহিত্যিক হেমিংওয়ে ১৯৫৪ সালে তার ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’র জন্য সাহিত্যে নোবেল পুরস্কার জেতেন।
১৮৯৯ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয়ে জন্ম নেওয়া হেমিংওয়ে দীর্ঘ ২১ বছর কিউবার রাজধানী হাভানা উপকণ্ঠে সান ফ্রান্সিসকো দে পাউলায় বসবাস করেন। সেখানে তার বাড়ি ‘ফিঙ্কা ভিজিয়া’র পুরোটাই এখন জাদুঘর।
১৯৩৯ সালে হেমিংওয়ে ফিঙ্কায় বসবাস শুরু করেন। তার একবছর পর তার উপন্যাস ‘ফর হুম দ্য বেল টলস’ প্রকাশ পায়। এখানে বসেই তিনি তার জগৎ বিখ্যাত উপন্যাস ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ লেখেন। যা তাকে পুলিৎজার এবং নোবেল পুরস্কার এনে দেয়।
তার স্মৃতিকথা ‘এ মুভেবল ফিস্ট' এবং ‘আইল্যান্ডস ইন দ্য স্টিম’ উপন্যাসটিও তিনি কিউবার বসবাস করার সময় লেখেন বলে দাবি স্থানীয় বিশেষজ্ঞদের।
ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবায় অভ্যূত্থানের প্রায় বছর খানেক পর ১৯৬০ সালে হেমিংওয়ে কিউবা ছাড়ে যুক্তরাষ্ট্র চলে যান। তার মাত্র কয়েক মাসের মাথায় আইডাহোতে তিনি আত্মহত্যা করেন।
হেমিংওয়ে কিউবায় তার সৃষ্টির হাজারো নমুনা রেখে গেছেন। সেগুলোর মধ্যে রয়েছে চিঠির মাধ্যমে লেখা তার অজস্র পাণ্ডুলিপি, তার তোলা ছবি এবং টীকাসংযুক্ত বই।
হেমিংওয়ের লেখা সংরক্ষণ ও প্রকাশের জন্য কিউবান ন্যাশনাল কালচারাল হেরিটেজ কাউন্সিল এবং যুক্তরাষ্ট্রে অবস্থিত ফিঙ্কা ভিজিয়া ফাউন্ডেশন তিনটি যৌথ সহযোগিতা চুক্তি সাক্ষর করেছে।
