জো বাইডেনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্তার অভিযোগ উঠতে শুরু করেছে। তার বিরুদ্ধে অনাকাঙ্খিত স্পর্শের অভিযোগ করেছেন দ্বিতীয় এক নারী।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ তোলা এ নারী হচ্ছেন কনেটিকাটের অ্যামি লাপোস নামের এক ডেমোক্র্যাটিক সমর্থক।
তার অভিযোগ, ২০০৯ সালে কনেটিকাটের হার্টফোর্ডে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাইডেন তাকে অসংগতভাবে কাছে টেনে নিয়ে নাকে নাক ঘষার চেষ্টা করেন। কনেটিকাটের দ্য ‘হার্টফোর্ড কোরান্ট’ দৈনিকে সোমবার এ অভিযোগ করেন লাপোস।
এর আগে গত শুক্রবার ‘দ্য কাট’ ম্যাগাজিনে এক আর্টিকেলে বাইডেনের বিরুদ্ধে প্রথম অভিযোগ করেছিলেন নেভাদার ডেমোক্র্যাট লাকি ফ্লোরেস।
তার অভিযোগ ছিল, ২০১৪ সালে তিনি নেভাদার লেফটেন্যান্ট গভর্নর পদে লড়ার সময় প্রচারাভিযানে তাকে সমর্থন দিতে বাইডেন সেখানে হাজির হন। সে সময় বাইডেন দৃষ্টিকটুভাবে তার (ফ্লোরেস) মাথার পেছনে চুম্বন করেন।
বাইডেন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কখনো অসংগত কিছু করেছেন বলে মনে করেন না।
নতুন অভিযোগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে বাইডেনের মুখপাত্র রোববার সাংবাদিকদের একটি বিবৃতি দেন। তাতে বলা হয়েছে, “বহু বছরের জনসম্পৃক্ততা এবং প্রচারকাজে আমি অনেকের সঙ্গে করমর্দন করেছি, অনেককে আলিঙ্গন করেছি, স্নেহ, সমর্থন এবং সহমর্মিতা প্রকাশ করেছি। কিন্তু একবারের জন্যও আমি কখনো অসংগত কিছু করেছি বলে বিশ্বাস করি না।”
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডেলাওয়ারের সিনেটর জো বাইডেন (২০০৯-২০১৭)। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে তাকেই প্রথম সারির সম্ভাব্য প্রার্থী হিসাবে দেখা হচ্ছে।
