২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হেলিকপ্টার দুর্ঘটনায় ২ মার্কিন মেরিন সেনা নিহত

অ্যারিজোনায় সামরিক প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই মার্কিন মেরিন সেনা নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 11:37 AM

Updated : 08 Apr 2022, 04:01 PM

স্থানীয় সময় শনিবার রাত প্রায় পৌনে ৯টার সময় মেরিন কোরের ইউমা এয়ার স্টেশনের কাছে তাদের এএইচ-১জেড ভাইপার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে পেন্টাগন, খবর বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন মেরিন কোর বলেছে, নিহত পাইলটরা একটি ‘নিয়মিত প্রশিক্ষণ মিশনে’ অংশ নিচ্ছিল।

সোমবার নিহত দুই পাইলটের পরিচয় নিশ্চিত করেছে মেরিন কোর। দিনটিকে তাদের কর্মজীবনের একটি ‘বিষণ্ন দিন’ হিসেবে বর্ণনা করেছে তারা। 

অস্ত্র ও কৌশল বিষয়ক প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে মেজর ম্যাথিউ এম. উয়িগ্যান্ড ও ক্যাপ্টেন ট্রাভিস ডব্লিউ. ব্রানন নিহত হন বলে জানিয়েছেন মেরিন কোরের ব্রিগেডিয়ার জেনারেল রজার টার্নার।

নিহত দুই মেরিনের প্রতি সম্মান জানাতে মঙ্গলবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন গভর্নর ডগ ডুসি।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের কাছে অ্যারিজোনার দক্ষিণপশ্চিমাঞ্চলে মার্কিন মেরিনের এই সেনানিবাসটির অবস্থান। এটি ইউমা থেকে তিন কিলোমিটার দূরে। তিন হাজার ৩৬৭ বর্গকিলোমিটারের এই ঘাঁটিটি বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক স্থাপনা।