ইউক্রেইনে প্রথমদফা ভোটে এগিয়ে কৌতুক অভিনেতা জেলেনস্কি
রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ কৌতুক অভিনেতা ভোলোদিমির জেলেনস্কি ইউক্রেইনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের ভোটে এগিয়ে আছেন।
রোববার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফা ভোট গ্রহণ হয়। সোমবার পর্যন্ত তিনচতুর্থাংশ ভোট গণনার পর দেখা গেছে জনপ্রিয় টিভি অভিনেতা ৪১ বছরের জেলেনস্কি প্রায় ৩১ শতাংশ ভোট পেয়েছেন।
তার পরপরই আছেন বর্তমান প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। তিনি প্রায় ১৭ শতাংশ ভোট পেয়েছেন।
পাঁচ বছর আগে রাশিয়াপন্থি প্রেসিডেন্টের বিরুদ্ধে রীতিমত গণঅভ্যূত্থানের পর নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন পোরোশেঙ্কো।
কিন্তু এই পাঁচ বছরে তিনি সরকার ব্যবস্থায় দুর্নীতি কমাতে এবং জনগণের জীবন মান উন্নয়নে ব্যর্থ হয়েছেন। যে কারণে তার জনপ্রিয়তায় ভাটার টান।
সামনের সারিতে থাকা আরেক প্রেসিডেন্ট প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ইউরিয়া টিমোশেঙ্কো প্রায় ১৩ শতাংশ ভোট পেয়েছেন।
ইউক্রেইনের নিয়মানুয়ায়ী, প্রথম রাউন্ডের ভোটে যদি কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পায় তবে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুইপ্রার্থীকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে ভোট হবে।
সোমবার প্রকাশিত আংশিক ফলাফলের ভিত্তিতে বলা যায়, কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাচ্ছেন।
সেক্ষেত্রে রোববারের ভোটে এগিয়ে থাকা দুই প্রার্থী জেলেনস্কি এবং পোরোশেঙ্কো আগামী ২১ এপ্রিল দ্বিতীয় দফা ভোটের লড়াইয়ে নামবেন।
রোববার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, “আমি ইউক্রেইনের সব মানুষকে ধন্যবাদ দিতে চাই, যারা শুধু মজা করার জন্য ভোট দেননি।
“এটা শুরু মাত্র, আমরা বিশ্রাম নেব না।”
নির্বাচনী প্রচারে জেলেনস্কি অভিনব কিছু কৌশল ব্যবহার করেছেন। ভোটের রাতেও সমর্থকদের ধন্যবাদ জানাতে তিনি একই কৌশল ব্যবহার করেন। ভোট পরবর্তী ভাষণের জন্য ভেন্যু হিসেবে তিনি একটি বার কে বেছে নেন এবং সেখানে উপস্থিত জনতার জন্য মদ এবং টেবিল ফুটবল ফ্রি ছিল।
প্রথম রাউন্ডের ভোটে হেরে যাওয়ার প্রার্থীদের বেশিরভাগ ভোট দ্বিতীয় রাউন্ডে জেলেনস্কির ঝুলিতে পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার রাজনৈতিক উপদেষ্টা দিমিত্রো রাজুমকভ।
তিনি বলেন, “যদি আমরা প্রথম রাউন্ডের ভোটের আগে করা জনমত জরিপে বিশ্বাস রাখি তবে অন্য সব প্রার্থীদের ভোটের বড় অংশ জেলেনস্কির পক্ষে আসবে।”
