গোলান: ট্রাম্পের স্বীকৃতির নিন্দায় আরব নেতারা
দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধ ভুলে গোলান মালভূমি প্রশ্নে একজোট হয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা করেছেন আরব দেশগুলোর নেতারা।
৩০তম আরব সম্মেলনে যোগ দিতে আরব বিশ্বের নেতারা এখন তিউনিসিয়ার রাজধানী তিউনিসে অবস্থান করছেন।
গোলান মালভূমির স্বীকৃতি প্রশ্নে রোববার সেখানেই তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের অবস্থানের কথা জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার মালিকানা নিয়ে বিরোধ থাকা গোলান মালভূমি ইসরায়েলের ভূখণ্ড বলে স্বীকৃতি দেন।
পরদিনই উপসাগরীয় চার আরব দেশ সৌদি আরব, বাহরাইন, কাতার ও কুয়েত ট্রাম্পের স্বীকৃতির সমালোচনা করে এক যৌথ বিবৃতিতে ‘অধিকৃত ওই ভূমি আরবদের’ বলে দাবি করে।”
চারটি দেশই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত।
১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করেছিল ইসরায়েল। সামরিক কৌশলগভাবে গুরুত্বপূর্ণ এই মালভূমিটিকে ইসরায়েল ১৯৮১ সালে আইনিভাবে নিজেদের ভূখণ্ডের অর্ন্তভুক্ত করে নিলেও বিশ্ব সম্প্রদায় তা মেনে নেয়নি। যুক্তরাষ্ট্রও এতদিন একই অবস্থানে ছিল।
গোলান মালভূমি ইসরায়েলি ভূখণ্ডের স্বীকৃতির কারণে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিনষ্ট হবে এবং তা ওই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় নিশ্চিতভাবে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন আরব নেতারা।
সম্মেলনে যোগ দেওয়া আরব নেতারা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে বিরোধ, উপসাগরীয় দেশগুলোর মধ্যে তিক্ততা ছাড়াও ইয়েমেনে গৃহযুদ্ধ এবং আলজেরিয়া ও সুদানে অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে আছেন।
তবে এত সবকিছুর পরও একটি বিষয়ে সব আরব নেতাই একমত হয়েছেন। আর তা হচ্ছে, তারা সবাই গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের স্বীকৃতির বিপক্ষে অবস্থান নিয়েছেন।
সম্মেলনের শুরুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ বলেন, গোলান মালভূমির উপর সিরিয়ার সার্বভৌমত্বে প্রভাব ফেলে এমন যে কোনো পদক্ষেপ তার দেশ ‘সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান’ করবে।
আরব দেশগুলোর কাছে ফিলিস্তিনের বিষয় কতটা গুরুত্বপূর্ণ তা আন্তর্জাতিক অঙ্গনকে বোঝানোর প্রয়োজনীয়তার কথা বলেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেজি কেইদে এসেবসি।
তিনি বলেন, “আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য একটি সুনির্দিষ্ট এবং বিস্তারিত বন্দোবস্ত প্রয়োজন, যেখানে ফিলিস্তিনের জনগণের অধিকারও সুরক্ষিত থাকবে। একই সঙ্গে একটি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠায় অগ্রসর হতে হবে, যার রাজধানী হবে জেরুজালেম।”
জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিউনিসের এ সম্মেলনে অংশ নিয়েছেন।
সেখানে তিনি বলেন, “সিরিয়ার গৃহযুদ্ধের অবসানে যে সমাধানই আসুক সেখানে অবশ্যই সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত হতে হবে, যার মধ্যে অধিকৃত গোলান মালভূমিও থাকবে।”
