২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশূন্যে ভারতের পরীক্ষার পর সতর্কতা যুক্তরাষ্ট্রের

উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর এর ধ্বংসাবশেষের কারণে মহাশূন্য ‘নোংরা’ হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শ্যানন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2019, 01:51 PM

Updated : 08 Apr 2022, 04:00 PM

ভারত বুধবার মহাশূন্যে নিজেদের একটি উপগ্রহকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করার পর তিনি এ সতর্কবার্তা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র ভারতের ওই পরীক্ষা কার্যক্রম খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন শ্যানন।

ভারতের দাবি, তারা পৃথিবীর নিচের দিকের কক্ষপথে ওই পরীক্ষাটি চালিয়েছে; যে কারণে ধ্বংসাবশেষ অল্প সময়ের মধ্যেই নিঃশেষ হয়ে যাবে। 

‘মিশন শক্তি’নামের এ পরীক্ষার মাধ্যমে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মহাশূন্যে ক্ষেপণাস্ত্র দিয়ে উপগ্রহ ধ্বংসের পারদর্শিতা প্রমাণ করল।

২০০৭ সালে একই রকম পরীক্ষা চালিয়ে চীনও আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করেছিল।

“আমার বার্তা হচ্ছে- আমরা সবাই মহাশূন্যে থাকি, একে যেন নোংরা না করি। মহাশূন্য হতে পারে এমন একটি স্থান, যেখানে আমরা ব্যবসা করতে পারবো। মহাশূন্য এমন একটি স্থান যেখানে মানুষের (উপগ্রহ) চালানোর স্বাধীনতা থাকতে হবে,” ভারতের পরীক্ষার পর সাংবাদিকদের বলেছেন শ্যানন।

এ ধরনের পরীক্ষার পর মহাশূন্যে যে ধরনের ধ্বংসাবশেষ থাকে তা সামরিক-বেসামরিক উপগ্রহ পরিচালনায় বাধা হয়ে উঠতে পারে বলে জানিয়েছে বিবিসি।

যদিও ভারত বলছে, ধ্বংসাবশেষ না রাখতে তারা তাদের ‘মিশন শক্তি’ পরীক্ষাটি করেছেূ বায়ুমণ্ডলের নিচের অংশে, ৩০০ কিলোমিটার উচ্চতায়। এরপরও যেটুকু থাকবে তা ‘ক্ষয়প্রাপ্ত হয়ে কয়েক সপ্তাহের মধ্যে পৃথিবীতে ফিরে আসবে’ বলেও ভাষ্য তাদের।

বিশেষজ্ঞদের অনেকেই নয়া দিল্লির এ দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করে বলেছেন, ধ্বংসাবশেষের চলার পথ নিয়ন্ত্রণ করা যায় না।

বুধবার ভারতের পরীক্ষার পর মহাশূন্যে ধ্বংসাবশেষের আড়াইশরও বেশি টুকরার ওপর মার্কিন সেনাবাহিনী নজর রাখছে বলে পেন্টাগনের এক মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীন ২০০৭ সালে উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের একটি নষ্ট হয়ে যাওয়া আবহাওয়া উপগ্রহকে ধ্বংস করেছিল। ওই পরীক্ষার পর কক্ষপথে বিপুল ধ্বংসাবশেষ থেকে যায়।

এ ধ্বংসাবশেষ উপগ্রহসহ মহাশূন্যের বিভিন্ন বস্তুর সঙ্গে সংঘর্ষেও জড়াতে পারে।

ভারতের পরীক্ষার পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও মহাশূন্যে ধ্বংসস্তূপ জমা নিয়ে সতর্কতা জারি করেছে।

১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র প্রথম মহাশূন্যে তাদের উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।

বুধবার টেলিভিশনে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকস্মিকভাবে এ উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দেন।

এর মাধ্যমে ভারত নিজেকে মহাশূন্যে শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

অস্ত্রবিস্তার রোধে কাজ করে যাওয়া সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই মহাকাশজুড়ে ক্রমবর্ধমান অস্ত্র প্রতিযোগিতায় উদ্বেগ জানিয়ে আসছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার পর নতুন আরেকটি দেশ এ প্রতিযোগিতায় নাম লেখাল।

যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এ উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষাকে ‘শান্তিপূর্ণ’ হিসেবে উপস্থাপন করে বলেছে, মহাশূন্যে অস্ত্র প্রতিযোগিতায় ঢোকার কোনো ইচ্ছাই তাদের নেই।

লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর মোদীর ভাষণ ও সেখানে এ পরীক্ষার ঘোষণায় বিরোধীরা বেশ চটেছে। এ ‘মিশন শক্তিকে’ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নির্বাচনী ‘স্টান্ট’ হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ তাদের।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা এ সংক্রান্ত অভিযোগগুলো পেয়েছে। মোদী নির্বাচনী কোনো আইন ভেঙেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।