সামরিক সরকার উৎখাতে থাইল্যান্ডে রাজনৈতিক জোট
থাইল্যান্ডে সামরিক সরকারকে উৎখাতের চেষ্টায় একজোট হয়েছে রাজনৈতিক দলগুলো। সাত দলীয় জোট সরকার গড়ার ঘোষণা দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুয়ে থাই পার্টি।
সাত দলীয় এ জোটকে বলা হচ্ছে ‘ডেমোক্রেটিক ফ্রন্ট’। জোটবদ্ধ হওয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষে দলগুলোর সংখ্যাগরিষ্ঠ আসন এবং সরকার গঠনের অধিকারনিশ্চিত হয়েছে।
তবে জোট থেকে এখনো প্রধানমন্ত্রী নির্বাচন করা যায়নি। জান্তা আমলে তৈরি থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীকে অবশ্যই পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে হবে।
কিন্তু পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সব সদস্য নিয়োগ দেওয়ার পূর্ণ এখতিয়ার সামরিক জান্তার। তাই ধরেই নেওয়া যায়, তারা সেনা সমর্থিত কাউকেই অনুমোদন দিতে চাইবে।
২০১৪ সালে সামরিক জান্তা নির্বাচিত পুয়ে থাই সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল। সেই সেনা অভ্যূত্থানের মধ্য দিয়ে ক্ষমতার পালবদলের পর গত রোববারই থাইল্যান্ডে প্রথম ভোট অনুষ্ঠিত হয়।
ওই দিন ভোটের প্রাথমিক ফলাফলে বর্তমান প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথ চান ওচার নেতৃত্বাধীন পালং প্রচা রথ পার্টি (পিপিআরপি) সরকার গঠন করার দিকে এগিয়েযাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
তখন বলা হয়েছিল পরদিন ভোটের ফলাফল ঘোষণা করা হবে। যদিও তারপর দুইদিন পেরিয়ে গেলেও এখনো ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি। আগামী৯ মের আগে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে না বলে জানিয়েছে রয়টার্স।
ওদিকে, বুধবার ‘ডেমোক্রেটিক ফ্রন্ট’ এর পক্ষ থেকে বলা হয়েছে, পার্লামেন্টের নিম্মকক্ষের ৫০০ আসনের মধ্যে ২৫৫টিতে জয়লাভ করায় তাদের জোট সংখ্যাগরিষ্ঠ।
সংবাদ সম্মেলনে পুয়ে থাই পার্টির নেতা সুদারাত কিউরাফান বলেন, “আমরা জান্তা শাসন বিরোধী ডেমোক্রেটিক ফ্রন্টকে নিম্মকক্ষের সংখ্যাগরিষ্ঠ দল ঘোষণা করছি।
কক্ষের সংখ্যাগরিষ্ঠ জোটকে সরকার গঠন করার চেষ্টা করতে দেওয়া উচিত। কারণ, ডেমোক্রেটিক ফ্রন্টের দলগুলোই জনগণের সবচেয়ে বেশি আস্থা অর্জন করতে পেরেছে।”
জোটের অন্য দলগুলো হল: ফিউচার ফরোয়ার্ড, পুয়ে চার্ট, প্রাচাচার্ট, সেরি রুয়াম থাই, থাই পিপুল পাওয়ার এবং নিউ ইকোনোমি পার্টিস।
