২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ইন্টারপোল প্রধান মেংয়ের বিচার করার ঘোষণা চীনের

চীনে আটক আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাবেক প্রধান মেং হোংউইকে ঘুষ গ্রহণের অভিযোগে বিচার করার ঘোষণা দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 09:45 PM

Updated : 08 Apr 2022, 03:59 PM

মেং তার পরিবারের বিলাসী জীবনযাপনের জন্য বিপুল অঙ্কের রাষ্ট্রীয় তহবিল ব্যয় করেছেন, ব্যক্তিগত লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করেছেন এবং কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছেন- তদন্তে এমনটিই বেরিয়ে এসেছে বলে বুধবার জানিয়েছে কমিউনিস্ট পার্টির দুর্নীতি-বিরোধী কমিশন ‘সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন’ (সিসিডিআই)।

কমিশনের মতে, এ সমস্ত অভিযোগ “আইন ও শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন।” একজন রাষ্ট্রীয় কৌসুলিকে এ মামলা চালানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে কমিশন জানিয়েছে। তাছাড়া, মেংকে দল এবং সরকারি সব পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলেও সিসিডিআই কমিশনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি ।

গত সেপ্টেম্বরে চীন ভ্রমণে যাওয়ার পর নিখোঁজ হন মেং। তার স্ত্রী নিখোঁজ হওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ করলে আন্তর্জাতিক অঙ্গনে তাকে নিয়ে উদ্বেগ দেখা দেয়। শুরুতে চুপচাপ থাকলেও পরে চীন মেংকে গ্রেপ্তারের কথা জানায়।

চীনে গ্রেপ্তার হওয়ার খবর প্রকাশের পর মেং ইন্টারপোল থেকে পদত্যাগ করেন। একমাস পর চীন ইন্টারপোলের সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনে।

চীনের অভিযোগ, ইন্টারপোলের প্রেসিডেন্ট থাকার সময় মেং ক্ষমতার অপব্যবহারসহ রাষ্ট্রীয় তহবিল খরচ এবং কমিউনিস্ট পার্টির মূল্যবোধকে অসম্মান করেছেন।

সিসিডিআই’র পক্ষ থেকে বলা হয়, “মেং হোংউইর মধ্যে দলীয় মূল্যবোধ ছিল না…।” তার ‘অবৈধ আয়’ জব্দ করা হয়েছে এবং রাষ্ট্রীয় বিচার ব্যবস্থায় আওতায় তার বিচার শুরু করা হবে।

দুর্নীতির বিরুদ্ধে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের লড়াইয়ের ঘোষণার পর মেং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সর্বশেষ কর্মকর্তা যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হল।

ঘুষ গ্রহণের অভিযোগে মঙ্গলবার চীনের ‘ইন্টারনেট সেন্সরশীপ’র সাবেক প্রধান লু উইকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুরনো খবর:

ফ্রান্সে আশ্রয় চান সাবেক ইন্টারপোল প্রধান মেংয়ের স্ত্রী