২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর মিলল পিকাসোর চুরি যাওয়া ‘বুস্ট ডা ফাম’

দুই দশক আগে এক সৌদি ধনকুবেরের ইয়ট থেকে চুরি যাওয়া পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম উদ্ধার করেছেন নেদারল্যান্ডসের এক শখের গোয়েন্দা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 02:32 PM

Updated : 08 Apr 2022, 03:59 PM

চুরি যাওয়া শিল্পকর্ম উদ্ধারে আর্থার ব্র্যান্ডের বিশেষ খ্যাতি থাকায় তাকে আর্ট ওয়ার্ল্ডের ‘ইন্ডিয়ানা জোনস’ ডাকা হয় বলে জানিয়েছে বিবিসি।

উদ্ধার ছবিটি পিকাসোর এক সময়ের প্রেমিকা বিখ্যাত আলোকচিত্রী ও শিল্পী ডোরা মারের। ১৯০৭ সালে জন্ম নেওয়া এ নারীর সঙ্গে পিকাসোর সম্পর্ক ৭ বছর টিকে ছিল।

ডোরার এ ‘বুস্ট ডা ফাম’ ছবিটি ১৯৩৮ সালে আঁকা হয় বলে ধারণা বিশেষজ্ঞদের।

চিত্রকর্মটির বাজার মূল্য এখন প্রায় ২ কোটি ৮০ লাখ ডলার। 

১৯৭৩ সালে মৃত্যুর আগ পর্যন্ত এ চিত্রকর্ম পিকাসোর বাড়িতেই ঝুলানো ছিল। ১৯৯৯ সালে সর্বশেষ এ ছবিটিকে সৌদি ধনকুবের শেখ আবদুল মোহসেন আব্দুলমালিক আল-শেখের বিলাসবহুল ইয়টে দেখা যায়।

কোরাল দ্বীপে ইয়টটির সংস্কার কাজ চলার সময়ই সেখান থেকে ‘বুস্ট ডা ফাম’ নামের চিত্রকর্মটি চুরি হয়ে যায়।

জাহাজ থেকে হারিয়ে যাওয়া চিত্রকর্মটির নাম না জেনেই ২০১৫ সাল থেকে আর্থার ব্রান্ড তা উদ্ধারে কাজ শুরু করেন।

অনুসন্ধানের মধ্যেই তিনি পিকাসোর এ চিত্রকর্মের নাম জানেন; ‘পরিচয় না জেনে’ ছবিটি কিনতে পারেন. এমন ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগও শুরু করেন।

“বেশ কয়েক বছর ধরেই এটির খোঁজ করা হচ্ছিল। কখনো এই ছবিটি জালিয়াতির কাজে, কখনো বা মাদক কেনাবেচায় মূল্য হিসেবেও ব্যবহৃত হয়েছে। চার বছর আগে এক অস্ত্র কেনাবেচার চুক্তিতেও এটিকে ব্যবহারের কথা জানা যায়।”

চিত্রকর্মটি নষ্ট হয়ে যেতে পারে বলেও শঙ্কা ছিল, বলেন আর্থার।

“অনেকেই মনে করেছিল যে, এটি নষ্ট করে ফেলা হয়েছে, যেটি প্রায় ৯০ শতাংশ চুরি হওয়া শিল্পের ক্ষেত্রে ঘটে থাকে। কেননা এগুলো পরে আর খোলা বাজারে বিক্রি করা যায় না,"

চার বছর পর চলতে মাসের শুরুর দিকে তার খোঁজাখুজি সফলতার মুখ দেখে।

"এক ডাচ ব্যবসায়ীর দু'জন প্রতিনিধি আমার সাথে যোগাযোগ করেন, দাবি করেন যে তাদের মক্কেলের কাছে ছবিটি আছে। ক্রেতা পুরো বিষয়টিতে কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন," বলেন আর্থার।

ডাচ ওই ব্যবসায়ী যে উপায়ে পিকাসোর এ শিল্পকর্মটি কিনেছিলেন সেটি বৈধ ছিলনা বলেও জানান এ গোয়েন্দা।

“বিষয়টি বোঝার পর তারা একটি কালো ময়লা ব্যাগে জড়িয়ে সেই মাস্টারপিসটি আমার আমাস্টাডার্মের ফ্ল্যাটে নিয়ে আসেন,” বলেন আর্থার।

ফ্রান্স এবং নেদারল্যান্ডসের পুলিশ জানিয়েছে, তারা পেইন্টিংটির সর্বশেষ মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেনা। এখন একটি বীমা কোম্পানি পুরো বিষয়টি দেখছে, তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এর আগে সেইন্ট মার্কের হারিয়ে যাওয়া একটি মোজাইক মূর্তি উদ্ধার করেও সংবাদের শিরোনাম হয়েছিলেন আর্থার। ১৯৭০ সালে সাইপ্রাসের একটি গির্জা থেকে বাইজেন্টাইন আমলের ওই মূর্তিটি চুরি যায়।

ডাচ এ গোয়েন্দা ২০১৫ সালে নাৎসি ভাস্কর জোসেফ থোরাকের তৈরি দুটি ঘোড়ার মূর্তিও উদ্ধার করেছেন। সালভাদর দালির ‘অ্যাডোলসেন্স’ উদ্ধারেও করেছিলেন সহযোগিতা।