বিশ্বব্যাংকের সমালোচক মালপাসকেই ব্যাংকের প্রেসিডেন্ট করছেন ট্রাম্প
বিশ্বব্যাংকের কর্মকান্ডের সমালোচক ডেভিড মালপাসকেই ব্যাংকটির প্রেসিডেন্ট পদে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মালপাস যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা। তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হলে বিশ্বের দরিদ্র দেশগুলোয় ঋণ প্রবাহ কমিয়ে আনতে ব্যাংক চাপে পড়তে পারে বলেই ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের এ মনোনয়ন বিতর্ক সৃষ্টি করেছে। কারণ, বিশ্বব্যাংকের সমালোচক মালপাস দায়িত্ব পেলে ব্যাংকের ভূমিকা কমানোর চেষ্টা করবেন বলে অনেকেই উদ্বিগ্ন।
তবে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিনের রিপাবলিকান মালপাস হবেন ‘প্রবৃদ্ধি-পন্থি এক সংস্কারক’।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মালপাসের প্রশংসায় ট্রাম্প বলেন, “মালপাস দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাংকের কাজের জবাবদিহি করানো নিয়ে জোর গলায় কথা বলে এসেছেন।”
মালপাস বিশ্বব্যাংকের ডলার কার্যকরভাবে এবং বিচক্ষণতার সঙ্গে ব্যয় করে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের মূল্যবোধ রক্ষার বিষয়টি নিশ্চিত করবেন বলেই ট্রাম্প আশা প্রকাশ করেন।
ট্রাম্পের অনুগত মালপাস ২০১৬ সালে নির্বাচনী প্রচারের সময় প্রেসিডেন্টের ঊর্ধ্বতন অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। ২০১৭ সালের অগাস্ট থেকে তিনি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্ডার সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মালপাস বিশ্ব ব্যাংকের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মত প্রতিষ্ঠানেরও সমালোচনা করে এসেছেন। বিশেষ করে চীনকে ঋণ দেওয়া নিয়ে ব্যাংকের সমালোচনা করেছেন তিনি। তার মতে, চীন ধনী। তাই তাদের এত ঋণ দেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য দেশগুলোতে ঋণ দেওয়া নিয়েও মালপাস কঠোর সমালোচনা করেছেন।
অন্য কোনো দেশ মালপাসের বিপরীতে আর কোনো প্রার্থীর নাম প্রস্তাব করবে কি-না তা এখনো স্পষ্ট নয়। ১৮৯ সদস্যের বিশ্বব্যাংক ১৪ মার্চ পর্যন্ত প্রেসিডেন্ট পদের জন্য নাম নেবে। পরে সাক্ষাৎকারের জন্য তিনজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে।
বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তার পদ ছাড়ার কথা জানানোর পর থেকেই পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে জল্পনা চলছে।
