২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাতারের জার্সি পরা’ ব্রিটিশ যুবক আবু ধাবিতে আটক

এশিয়া কাপ ফুটবলের খেলা দেখতে গিয়ে কাতারের জার্সি পরে ‘হামলার শিকার’ যুক্তরাজ্যের এক যুবক অভিযোগ জানাতে গিয়ে উল্টো সংযুক্ত আরব আমিরাতের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2019, 04:13 PM

Updated : 08 Apr 2022, 03:48 PM

উলভারহ্যাম্পটনের বাসিন্দা ২৬ বছর বয়সী আলি ইসা আহমদকে নিয়ে লন্ডন ও আবু ধাবির মধ্যে সপ্তাহ দুয়েক ধরে কূটনৈতিক টানাপোড়েন চলছে বলে জানিয়েছে বিবিসি।

কাতারের ‘প্রতি সহানুভূতি’ দেখানোর ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের আইনে যে নিষেধাজ্ঞা আছে, ব্রিটিশ এ যুবক তা জানতেন না বলে তার এক বন্ধু দাবি করেছেন।

‘সন্ত্রাসবাদে সহযোগিতার’ অভিযোগ এনে ২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর দোহার সঙ্গে সম্পর্কচ্ছেদ করে।

এরপর ওই বছরের জুনেই সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কবার্তায় তাদের দেশে ভ্রমণকারীদের ‘সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে কোনো উপায়ে কাতারের প্রতি সহানুভূতিশীল হওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হবে’ বলে জানায়। 

“এ ধরনের অপরাধে আটক করার পাশাপাশি উল্লেখযোগ্য মাত্রার জরিমানার মুখোমুখি হতে হবে,” জানিয়েছিল তারা।

ছুটি কাটাতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়া আহমদ ২২ জানুয়ারি আবু ধাবিতে কাতার ও ইরাকের ফুটবল খেলা দেখার পর গ্রেপ্তার হন বলে তার বন্ধু আমের লোকি জানিয়েছেন।

৩০ জানুয়ারি আহমদ থানা থেকে ফোন করে লোকিকে তার গ্রেপ্তারের খবর দেন। 

“স্টেডিয়াম থেকে বের হওয়ার পর একদল লোক তাকে অনুসরণ করে ও পরে হামলা চালায়। সে সময় আহমদ কাতার ফুটবল দলের একটি টি-শার্ট পরা ছিলেন, হাতেও ছিল আরেকটি। তারা তার টি-শার্ট খুলে নেয়, পরে আহমদ বাসায় চলে আসেন। কিছুক্ষণ পর থানায় হামলার বিষয়ে অভিযোগ জানাতে যান, সেখানেই তাকে আটক করা হয়,” বলেন লোকি।

ব্রিটিশ যুবক আহমদকে ‘খেলা পাগল’ বলেও অ্যাখ্যা দেন তার বন্ধু।

“নির্দিষ্ট একটি দলকে সমর্থন কিংবা টি-শার্ট পরায় সমস্যা হতে পারে এমন কিছু (আহমদ) চিন্তা করেছিলেন বলেও মনে হয়না আমার,” বলেন লোকি। 

ব্রিটিশ এ নাগরিকের বিরুদ্ধে পুলিশের সময় নষ্ট করা ও মিথ্য বিবৃতি দেয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের লন্ডন দূতাবাস।

দেশটির এক কর্মকর্তা ‘আহমদকে কাতারের জার্সি পরায়’ গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাজ্যের গণমাধ্যমের এমন ধারণারও প্রতিবাদ জানিয়েছেন।

“সুনিশ্চিতভাবেই তাকে কাতারের জার্সি পরায় গ্রেপ্তার করা হয়নি,” বলেছেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ব্রিটিশ এক যুবককে সব ধরনের কূটনৈতিক সহযোগিতা দিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রয়েছে বলেও আশ্বস্ত করেছে তারা।

বিবিসি জানায়, লন্ডনে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস প্রথম দিকে আহমদ প্রসঙ্গে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি ছিল না।

“মানবাধিকার লংঘনের অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয় এবং সেগুলোর বিস্তৃত তদন্ত হয়,” বলেছিল তারা।

পরে দূতাবাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এক কর্মকর্তা সুদানি-ব্রিটিশ দ্বৈত নাগরিক আহমদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কাতার ফুটবল দলের পক্ষে উল্লাস করায় স্থানীয় ফুটবল সমর্থকরা হামলা করেছে- এমন অভিযোগ নিয়ে আহমদ থানায় গেলে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

“একজন চিকিৎসক তাকে পরীক্ষা করে দেখেন, এবং আঘাতের সঙ্গে ঘটনার বিবরণে অসামঞ্জস্যতার বিষয়টি নিশ্চিত হন। তিনি (আহমদ) নিজেই নিজেকে ক্ষত-বিক্ষত করেছেন বলে ধারণা করা হচ্ছে,” বলেন ওই কর্মকর্তা।

পুলিশের সময় অপচয় ও মিথ্যা বলার অভিযোগে আহমদের বিরুদ্ধে ২৪ জানুয়ারি মামলা হয়।

“তিনি তার অপরাধ স্বীকার করেছেন বলে আমাদের জানানো হয়েছে; সংযুক্ত আরব আমিরাতের আদালতেই এখন এ বিষয়ে সিদ্ধান্ত হবে,” বলেছেন ওই কর্মকর্তা।

আরব প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের জেরে তেল ও গ্যাসসমৃদ্ধ কাতার এমনিতেই বেশ চাপে আছে বলে জানিয়েছে বিবিসি।

দেড় বছরেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যজুড়ে চলা এ উত্তেজনায় এশিয়া কাপ ফুটবলের ম্যাচগুলোতেও কাতারের সমর্থকদের খুব একটা দেখা যায়নি।

সেমিফাইনালে দেশটির কাছে সংযুক্ত আরব আমিরাত পরাজিত হওয়ার পর দর্শকরা কাতারের খেলোয়াড়দের দিকে জুতা ও বিভিন্ন বস্তু ছুড়ে মেরেছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

তাতেও অবশ্য লাভ হয়নি, সব বৈরিতা অতিক্রম করে কাতারই ১ ফেব্রুয়ারির ফাইনালে জাপানকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয়।