২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে নিয়ে বিপজ্জনক খেলা, রুশ দম্পতি আটক

চার মাসের শিশুকে নিয়ে বিপজ্জনক খেলা দেখিয়ে অর্থ সংগ্রহের জন্য এক রুশ দম্পতিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2019, 12:12 AM

Updated : 08 Apr 2022, 03:48 PM

সোমবার রাজধানী কুয়ালালামপুর থেকে ২৮ বছরের ওই ব্যক্তি ও তার স্ত্রীকে (২৭) আটক করা হয় বলে জানায় বিবিসি।

পুলিশ জনায়, শিশু কন্যাকে নিপীড়ন করছে এমন অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই দম্পতিকে আটক করা হয়েছে।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওই দম্পতির ৯০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে নীল রঙের শার্ট পরা এক পুরুষ এবং সাদা টি-শার্ট পরা এক নারীকে ছোট্ট এক শিশুকে গানের তালে তালে নিজেদের পায়ের ফাঁকে বিপজ্জনকভাবে ঘুরাতে এবং আকাশে ছুড়ে মারতে দেখা যায়।

তাদের পাশে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, “আমরা বিশ্ব ভ্রমণে বেরিয়েছি।”লোকজন জড়ো হয়ে তাদের কাণ্ড দেখছিল। শেষ পর্যন্ত ভিডিও’তে এক ব্যক্তিকে এগিয়ে এসে বলতে শোনা যায় “এটা বোকামী, আপনারা একাজ করতে পারেন না।”

গত শুক্রবার ওই দম্পতি থাইল্যান্ড থেকে মালয়েশিয়া প্রবেশ করে বলে জানায় পুলিশ। দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে ভ্রমণে বেরিয়ে তারা মানুষের চিত্তবিনোদোন করে অর্থ সংগ্রহ করছে।

এক মাসের টুরিস্ট ভিসায় ওই দম্পতি এখন মালয়েশিয়ায় আছে। শিশুকে নিয়ে খেলা দেখানোর বিষয়টিকে সমর্থন করে ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ নিউজ ওয়েবসাইটে তারা বলেছে, তাদের সন্তান ‘এ ব্যায়াম পছন্দ করে’।