২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মাসিক কুঁড়েঘরে’ দমবন্ধ হয়ে নেপালি তরুণীর মৃত্যু

ঋতুস্রাবের সময় নারীদের আলাদা করে রাখার জন্য তৈরি জানালাবিহীন ‘মাসিক কুঁড়েঘরে’ ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ২১ বছরের এক নেপালি তরুণীর। নাম পার্বতী বোগাতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 09:04 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

পুলিশ জানায়, শীতের রাতে ছোট্ট ওই ঘরের দরজা বন্ধ করে বোগাতি সম্ভবত আগুন জ্বালিয়ে নিজেকে গরম রাখার চেষ্টা করেছিলেন।

নেপালের দোতি জেলায় এ ঘটনা ঘটে। বোগাতির শাশুড়ি লক্ষ্মী বোগাতি সকালে তাকে দেখতে গিয়ে ঘরের ভেতর মৃতদেহ পান।

কাঠমাণ্ডু পোস্টকে লক্ষ্মী বলেন, “পরদিন তার ঋতুস্রাব শেষ হবে বলে সে খুব আনন্দিত ছিল। কিন্তু বেচারি সারা জীবনের জন্যই চোখ বুজল।”

মাত্র কয়েক সপ্তাহ আগেই মাসিক কুঁড়েঘরে থাকার সময়ে একই ধরনের আরেকটি ঘটনায় এক মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছিল।

প্রাচীনকাল থেকে হিন্দু অধ্যুষিত নেপালে এই প্রথা চলে আসছে। দেশটিতে ঋতুস্রাবের সময় এবং সন্তান জন্মদানের পর নারীদের যতদিন ঋতুস্রাব চলে ওই সময় তাদের ‘অশুদ্ধ’ বলে ধরে নেওয়া হয়। সে সময় তাদেরকে স্পর্শ করলে তা দুর্ভাগ্য বয়ে আনবে বলে বিশ্বাস করা হয়।

তাই নির্দিষ্ট ওই সময়ে নারীকে আলাদা একটি ঘরে রাখা হয়; স্থানীয়ভাবে যেটি ‘চৌপদী’ নামে পরিচিত। ওই সময় নারীদের এমনকি কিছু স্পর্শ করতেও দেওয়া হয় না।

‘চৌপদী’র পরিবেশ অত্যন্ত নাজুক থাকে, এমনকি কোনো কোনো পরিবার গোয়াল ঘরে নারীদের রাখে।

ঠান্ডা বা পোকামাকড়ের হাত থেকে তাদেরকে সুরক্ষার বা নারীর নিরাপত্তার কোনো ব্যবস্থা থাকে না।

২০০৫ সালে নেপাল সরকার নিষ্ঠুর এই প্রথা নিষিদ্ধ করে এবং ২০১৭ সালে নতুন আইনে একে অপরাধ বলে গণ্য করে তিন মাসের কারাদণ্ড এবং ৩০ মার্কিন ডলার জরিমানার শাস্তির বিধান রাখা হয়।

তারপরও বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো এ প্রথা চালু আছে।