২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাহামার উপকূলে জাহাজ ডুবে অন্তত ২৮ জনের মৃত্যু

হাইতির অভিবাসন প্রত্যাশীদের পাচারকালে বাহামার উপকূলে তাদের বহনকারী জাহাজ ডুবে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 03:19 PM

Updated : 08 Apr 2022, 03:47 PM

উদ্ধার পাওয়া আরও ১৭ জন পুলিশ হেফাজতে রয়েছেন বলে রোববার জানিয়েছেন বাহামার কর্মকর্তারা, খবর নিউ ইয়র্ক টাইমসের।

বাহামার রাজকীয় প্রতিরক্ষা বাহিনীর চিফ পেটি অফিসার জোনাথন রোল জানিয়েছেন, শনিবার আবাকো দ্বীপের বাসিন্দারা বাহামার উপকূলে চারটি মৃতদেহ খুঁজে পায় ও ১৫ জন জীবিতকে উদ্ধার করে। 

যে জাহাজটিতে করে লোকজনকে পাচার করা হচ্ছিল সেটি মার্কিন নৌযান বলে মনে হয়েছে বলে জানিয়েছেন রোল।

রোববার বিকালের মধ্যে স্থানীয় বাহিনীগুলো ও মার্কিন কোস্ট গার্ড একটি নিমজ্জিত জাহাজের ভিতর ও আশপাশ থেকে ২৮টি মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার পাওয়া জীবিতর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়ায়।

অভিবাসন প্রত্যাশীদের বহনকারী জাহাজটির চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল তা পরিষ্কার হয়নি।  

সোমবার সকালে এক টুইটে হাইতির যুক্তরাষ্ট্রর দূতাবাস এ ঘটনাকে ‘প্রাণহানির আরেকটি শোচনীয় ঘটনা’ বলে বর্ণনা করেছে এবং জাহাজটি ‘লোকজনকে পাচার করে হাইতির বাইরে নিয়ে যাচ্ছিল’ বলে মন্তব্য করেছে। 

চলতি বছর অবৈধভাবে প্রবেশের দায়ে বাহামার কর্তৃপক্ষ প্রায় ৩০০ হাইতিয়ানকে আটক করেছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে বাহামার রাজকীয় প্রতিরক্ষা বাহিনী।