টানা বর্ষণ, ভয়াবহ বন্যার শঙ্কা অস্ট্রেলিয়ার টাউনসভিলে
কয়েকদিনের টানা বর্ষণের পর বাঁধ খুলে দিয়ে অস্ট্রেলিয়ার টাউনসভিল ও আশপাশের এলাকার কয়েক হাজার বাসিন্দাকে ‘আগে দেখা যায়নি এমন ভয়াবহ বন্যার’ ব্যাপারে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
কর্মকর্তারা বলছেন, তুমুল বৃষ্টিপাতে কুইন্সল্যান্ড রাজ্যের রোস নদীর পানির উচ্চতা বাঁধের ধারণক্ষমতাকে ছাপিয়ে যাওয়ায় ফটকগুলো খুলে দেওয়া হয়েছে।
টাউনসভিল শহরটি উত্তর-পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড রাজ্যে অবস্থিত। উপকূলীয় এ শহরের ভেতর ও চারপাশের প্রায় ২০ হাজার বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
বন্যা এরই মধ্যে টাউনসভিলের অসংখ্য গাড়ি ও গবাদিপশু ভাসিয়ে নিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ রোববার রোস নদী সংলগ্ন বাঁধের ফটক ‘পুরোপুরি খুলে’ দেওয়ার পর ‘প্রাণ ও সম্পদের ঝুঁকি’র বিষয়ে সতর্ক করে।
“পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। খবর রাখুন এবং জরুরি বিভাগের পরামর্শ মেনে চলুন,” বলেছে তারা।
ফটক খুলে দেওয়ার পর বাঁধ থেকে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ এক হাজার ৯শ’ কিউবিক মিটার হারে ‘বিপজ্জনক মাত্রার’ পানি নিঃসরিত হতে পারে বলেও ধারণা দিয়েছে কর্তৃপক্ষ।
টাউনসভিলে মাত্র এক সপ্তাহের মধ্যে এক মিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বর্ষণের এ হার অন্যান্য বছরে একই সময়ের তুলনায় ২০ গুণেরও বেশি।
বন্যায় শহরটির কয়েক হাজার বাসিন্দা এরই মধ্যে আক্রান্ত হয়েছেন; অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, ভেসে গেছে অসংখ্য সড়ক।
রাস্তার মধ্যে কোমর পানিতে দাঁড়ানো বাসিন্দাদের ছবি ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। এবিসি নিউজের প্রতিবেদক জশ বাভাস একটি বিপণন কেন্দ্রের গাড়ি পার্কিংয়ের ভেতর বন্যার পানি ঢোকার ছবি টুইটারে পোস্ট করেছেন।
সেনাসদস্যরা বালুর বস্তার ব্যারিকেড দিয়ে বাড়িঘরগুলোকে সুরক্ষার কাজ করছেন; উদ্ধারকর্মীরা ভেলায় চেপে জনসাধারণকে সরিয়ে নিচ্ছে।
নর্দার্ন কুইন্সল্যান্ডে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাতের দেখা মেলে; যদিও এবারের মতো পরিস্থিতি ‘বিরল’ বলছে আবহাওয়া বিভাগ।
অস্ট্রেলিয়ার এ অংশে টানা বর্ষণের দেখ মিললেও দক্ষিণ অস্ট্রেলিয়ার বিশাল অঞ্চল আছে ভয়াবহ খরার কবলে। রেকর্ড তাপমাত্রার কারণে চলতি বছরের জানুয়ারিকে দেশটির ইতিহাসের সবচেয়ে ‘উষ্ণতম মাস’ বলা হচ্ছে। একমাসের মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডিলেডে দুইবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে।
তাপমাত্রার কারণে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে দাবানল; হাসপাতালগুলো ভিড় বাড়ছে অসুস্থদের।
তাপমাত্রার কারণে জনবিরল এলাকার বন্যপ্রাণীরাও বিপাকে পড়েছে। খরা কবলিত এলাকাগুলোতে অসংখ্য ঘোড়া, বাদুড় ও মাছের মৃতদেহ মিলেছে।
