‘ব্রেক্সিটের পর দাঙ্গা হলে রানিকে সরিয়ে নেওয়া হবে’
কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট সম্পন্ন হলে দাঙ্গা হতে পারে এমন আশঙ্কায় রানিসহ রাজপরিবারকে সরিয়ে নেওয়ার ‘শীতল যুদ্ধকালীন’ একটি পরিকল্পনা পুনরুজ্জীবিত করেছেন ব্রিটিশ কর্মকর্তারা।
আগামী মাসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর লন্ডনে কোনো দাঙ্গা শুরু হলে ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে দুটি ব্রিটিশ রবিবাসরীয় সংবাদপত্র, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ব্রিটিশ মন্ত্রিসভা দপ্তরের এক অনামা সূত্রের উদ্ধৃতি দিয়ে সানডে টাইম বলেছে, “শীতল যুদ্ধকালীন সময় থেকেই জরুরিভাবে সরিয়ে নেওয়ার এ পরিকল্পনার অস্তিত্ব আছে, কিন্তু চুক্তি ছাড়া ব্রেক্সিটের কারণে অস্থিরতা ছড়িয়ে পড়লে এ পরিকল্পনাটি কাজে লাগানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।”
মেইল অন সানডে বলেছে, রানিসহ রাজপরিবারকে লন্ডন থেকে অন্য একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনার কথা তারা জানতে পেরেছে।
ব্রিটিশ রক্ষণশীল আইনপ্রণেতা ও ব্রেক্সিটের কড়া সমর্থক জ্যাকব রেস মগ মেইল অন সানডেকে বলেছেন, তিনি মনে করে রাজপরিবারকে নিয়ে ওই পরিকল্পনায় চুক্তি ছাড়া ব্রেক্সিটের বিষয়ে সরকারি কর্মকর্তাদের অহেতুক ভীতি প্রকাশ পেয়েছে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাবর্ষণের সময়ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যরা লন্ডনেই ছিলেন।
কিন্তু সানডে টাইমস জানিয়েছে, লন্ডনে যদি অস্থিরতা শুরু হয় তাহলে রানিকে লন্ডনের বাইরে সরিয়ে নেওয়া হবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এক সময় রাজপরিবারের নিরাপত্তার দায়িত্ব দেখভাল করা সাবেক পুলিশ কর্মকর্তা ডাই ডেভিস।
আগামী ২৯ মার্চ ইইউ থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার তারিখ নির্ধারিত হয়ে আছে। কিন্তু ব্রেক্সিট নিয়ে ইইউয়ের সঙ্গে প্রধানমন্ত্রী টেরিজা মে সরকারের সমঝোতা হওয়া একটি চুক্তি ব্রিটিশ পার্লামেন্টের সমর্থন পেতে ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ‘চুক্তি ছাড়া’ ব্রেক্সিটের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।
চুক্তিহীন ব্রেক্সিটের পর নতুন কাস্টমস চেকের কারণে ইইউ থেকে আমদানী করা পণ্য খালাসে দীর্ঘ সময় লেগে গেলে ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে ব্যাণিজ্যিক গ্রুপগুলো; এমনকী খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে।
গত মাসে স্থানীয় একটি নারী সংস্থায় ৯২ বছর বয়সী রানির দেওয়া বার্ষিক বক্তৃতাকেও ব্রেক্সিট চুক্তিতে পৌঁছানোর জন্য রাজনীতিকদের প্রতি রানির আহ্বান হিসেবে বিবেচনা করা হচ্ছে।
