২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শক্তি কমেছে আফগান বাহিনীর, সক্ষমতা তলানিতে’

মার্কিন এক পর্যবেক্ষক সংস্থা বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন ও তালেবানের আলোচনা যত অগ্রসর হয়েছে ততই যুদ্ধরত আফগান বাহিনীর শক্তি হ্রাস পাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 04:37 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

গত চার বছরের মধ্যে দেশটির সরকারি বাহিনীর সক্ষমতা এখন সবচেয়ে কম বলে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে মন্তব্য করেছে তারা।

সম্ভাব্য যুদ্ধবিরতি ও আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন নেটোর হাজার হাজার সৈন্য প্রত্যাহার নিয়ে ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে কাতারে ফের যুক্তরাষ্ট্র ও তালেবান প্রতিনিধিদের আলোচনায় বসার কথা রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ধরনের সমঝোতার ক্ষেত্রে এখনও অনেক বাঁধা রয়েছে। তবে নেটোর সৈন্য প্রত্যাহারের যে কোনো ঘটনা আফগানিস্তানের সরকারি বাহিনীর ওপর চাপ আরও বাড়াবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

দক্ষিণ এশীয় দেশটির পুনর্গঠনে মার্কিন বিশেষ মহাপরিদর্শকের (এসআইজিএআর) সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে আফগান বাহিনীর সক্ষমতা কমার কথা উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, “আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল ও এর জনগণের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা আগের তুলনায় বেড়েছে, কিন্তু আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণ ও প্রভাব ধারাবাহিকভাবে কমছে।”

প্রতিবেদনে আফগানিস্তানের ৫৩ দশমিক ৮ শতাংশ এলাকায় সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ বা প্রভাব আছে বলে জানানো হয়েছে।

বাকি অংশ হয় তালেবানদের নিয়ন্ত্রণে, কিংবা সেখানকার নিয়ন্ত্রণ নিতে বিদ্রোহী এ গোষ্ঠীর সদস্যরা তুমুল লড়াই চালাচ্ছে, জানিয়েছে এসআইজিএআর।

সংস্থাটির গত বছরের অক্টোবরের ত্রৈমাসিক প্রতিবেদনে আফগানিস্তানের ৬৩ দশমিক ৫ শতাংশ এলাকা সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে কিংবা প্রভাববলয়ে আছে বলে ধারণা দেওয়া হয়েছিল।

পর্যবেক্ষকরা বলছেন, কট্টরপন্থি তালেবানরা এখনও আফগানিস্তানের বড় কোনো শহর দখল করতে সক্ষম না হলেও সাম্প্রতিক মাসগুলোতে গ্রামীণ এলাকায় তাদের যুদ্ধের ধার বেড়েছে। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে উচ্ছেদ হওয়ার পর থেকে যে কোনো সময়ের চেয়ে এখনই তাদের অবস্থান সবচেয়ে শক্তিশালী।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর এক প্রতিবেদনের বরাত দিয়ে এসআইজিএআর বলেছে, আফগানিস্তানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা কমে এখন ৩ লাখ ৮ হাজার ৬৯৩ জনে দাঁড়িয়েছে।

২০১৫ সালের জানুয়ারিতে নেটো দেশটিতে প্রশিক্ষণ, পরামর্শ ও সহযোগিতা বিষয়ক কার্যক্রম চালুর পর থেকে আফগান বাহিনীতে এর চেয়ে কম সদস্য আর কখনোই ছিল না।

আফগানিস্তানে নেটোর এখনো ২২ হাজারের মতো সৈন্য আছে, যার মধ্যে ১৪ হাজারই মার্কিন। সরকারি বাহিনীকে সহায়তা করার পাশাপাশি এ সৈন্যরা আফগানিস্তানে ক্রিয়াশীল আল-কায়েদা ও ইসলামিক স্টেটের বিরুদ্ধেও পৃথক অভিযান চালাচ্ছে।         

কী কারণে আফগান বাহিনীতে সৈন্যসংখ্যা কমছে প্রতিবেদনে তা জানানো হয়নি। তালেবানদের সঙ্গে লড়াইয়ে হতাহতের সংখ্যাও জানায়নি আফগানিস্তানের সরকার।

২০১৪ সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে আফগান নিরাপত্তা বাহিনীর প্রায় ৪৫ হাজার সদস্য নিহত হয়েছেন বলে গত সপ্তাহে জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

“এই সংখ্যা ৫৩ মাসের হিসাব দিচ্ছে, সে অনুযায়ী প্রতি মাসে গড়ে ৮৪৯ আফগান নিরাপত্তা কর্মী মারা পড়েছেন,” বলেছে এসআইজিএআর