২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগোতে লাইনে আগুন দিয়ে ট্রেন চলাচল সচল রাখার চেষ্টা

তীব্র ঠাণ্ডায় জমে যাওয়া থেকে লাইনগুলোকে রক্ষা করে ট্রেন চলাচল সচল রাখতে লাইনে বরাবার আগুন ব্যবহার করতে শুরু করেছেন শিকাগোর রেলওয়ের কর্মীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 04:17 PM

Updated : 18 Aug 2022, 04:47 PM

প্রবল একটি শৈত্যপ্রবাহে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। এখানকার তাপমাত্রা অ্যান্টার্কটিকার চেয়েও নিচে নেমে গেছে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

শিকাগো ট্রিবিউন জানিয়েছে, এ ধরনের চরম আবহাওয়ায় পরিবহন কোম্পানি মেট্রা ট্রেন লাইনের সুইচগুলো সচল রাখতে ও লাইন মেরামতের সুযোগ খোলা রাখতে আগুন ব্যবহার করা শুরু করেছে।

চরম ঠাণ্ডা আবহাওয়ার কারণে স্টিল সঙ্কুচিত হয়ে যেতে পারে, এতে ট্রেন লাইন ভেঙে যেতে পারে বলে শিকাগো ট্রিবিউনকে জানিয়েছেন মেট্রার মুখপাত্র মেগ টমাস-রাইল।

 

প্রায় সব লাইনে মেট্রা ধারাবাহিকভাবে ঢালাই রেল ব্যবহার করলেও সুইচের কাছে কয়েকটি জায়গায় এবং কিছু ক্রসিংয়ে রেলগুলো বল্টু দিয়ে জোড়া লাগানো। প্রচণ্ড ঠাণ্ডায় এই জায়গাগুলোতে রেলের লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা আছে।  

এমন ঘটনা এড়াতে মেট্রা কোরোসিনে ভেজানো দড়ি লাইনের নিচ দিয়ে পেতে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের তাপে রেলের লাইনগুলো গরম হয়ে সঙ্কোচন ঠেকিয়ে রাখছে, আর যেখানে ঠাণ্ডায় সঙ্কুচিত হয়ে সেগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাপের কারণে ফের সম্প্রসারিত হওয়ার পর কর্মীরা বল্টু লাগিয়ে বা ঝালাই করে সেগুলোকে জুড়ে দিচ্ছেন। 

এমন পদ্ধতি গ্রহণের ফলে চারদিকে তুষারের মধ্যে ট্রেন লাইনজুড়ে আগুন জ্বলার যে সম্মোহনী দৃশ্য তৈরি হয়েছে তা অনেকেরেই দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের গ্রহণ করা এসব দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে মেট্রার বরাতে জানানো হয়েছে, এসব আগুনের ওপর দিয়ে ট্রেন চলাচল নিরাপদ, কারণ ট্রেনের ডিজেল জ্বালানি ‘খোলা আগুনে না, শুধুমাত্র প্রবল চাপ ও তাপে জ্বলতে শুরু করে’।