২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের দক্ষিণাঞ্চলে দুটি বোমা বিস্ফোরণে ৩ পুলিশ আহত

ইরানের দক্ষিণাঞ্চলে একটি পুলিশ স্টেশনের সামনে দুটি বোমা বিস্ফোরণে তিন পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2019, 01:21 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় জাহেদান শহরে এ ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

জইশ আল-আদল নামের একটি সুন্নি জঙ্গিগোষ্ঠী এসব বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

পুলিশ স্টেশন লক্ষ্য করে তারা ‘দুটি শক্তিশালী বোমার’ বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে পুলিশের একটি গাড়ি ও একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ সিস্তান-বেলুচিস্তানের পুলিশ প্রধান মোহাম্মদ কানবারির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, একটি স্টান গ্রেনেড ব্যবহার করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হয়।

এরপর রাস্তায় একটি ‘সন্দেহজনক প্যাকেট’ পাওয়া যায় এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিষ্ক্রিয় করার আগেই সেটি বিস্ফোরিত হয়ে তিন পুলিশ কর্মকর্তা আহত হন।

জাহেদান ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী। এই প্রদেশটিতে প্রায়ই ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাদক চোরাচালানি ও সুন্নি জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এই প্রদেশটি সুন্নি বালুচি নৃগোষ্ঠী অধ্যুষিত, যারা শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানে সংখ্যালঘু।

জইশ আল আদল অক্টোবরে সিস্তান-বেলুচিস্তানের বিপ্লবী রক্ষী বাহিনীর সদস্যসহ ইরানি নিরাপত্তা বাহিনীর ১০ সদস্যকে অপহরণ করেছিল। অপহৃতদের কয়েকজন এখনও তাদের হাতে বন্দি আছেন। 

এর আগে বিপ্লবী রক্ষী বাহিনী সেপ্টেম্বরে পাকিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিংয়ে গোষ্ঠীটির চার সুন্নি জঙ্গিকে হত্যা করেছিল।