২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনেজুয়েলায় ‘স্বৈরাচারী’ শাসন চলছে: গুইদো

ভেনেজুয়েলার মানুষ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘স্বৈরাচারী’ শাসনের কবলে আছে বলে মন্তব্য করে ফের নতুন নির্বাচনের ডাক দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 10:54 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

সোমবার কারাকাসে বিবিসি’ কে গুইদো বলেন,“দেশে অবাধ নির্বাচনের ডাক দেওয়া আমার দায়িত্ব। কারণ, এখানে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। আমরা স্বৈরাচারী শাসনের মধ্যে বাস করছি।”

তিনি বলেন, “ভেনেজুয়েলায় হয় আমাদেরকে আধিপত্য, দমনপীড়ন এবং নির্যাতন মেনে নিতে হবে নতুবা স্বাধীনতা, গণতন্ত্র এবং জনগণের সমৃদ্ধির পথ বেছে নিতে হবে।” মাদুরো প্রশাসন ভেনেজুয়েলার রাস্তায় তরুণদের হত্যা করছে বলে গুইদো অভিযোগ করেন।

গত ২৩ জানুয়ারি ভেনেজুয়েলায় সরকার বিরোধী এক সমাবেশে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে অবৈধ বর্ণনা করে গুইদো নিজেকে ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন।

এরপর থেকে বিশ্বের বহু দেশ গুইদোকেই ভেনেজুয়েলার বৈধ নেতা হিসাবে স্বীকৃতি দিচ্ছে। ওদিকে, প্রেসিডেন্ট মাদুরো তার বিরুদ্ধে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে ক্ষমতা আঁকড়ে আছেন।

রাশিয়া ও চীন মাদুরোকে সমর্থন দিচ্ছে।এর পাশাপাশি মাদুরো দেশের সামরিক বাহিনীর শক্তিও তার হাতে আছে তা দেখানোর চেষ্টা করছেন।তাকে ক্ষমতা থেকে টেনে নামাতে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন গুইদো।

দুপক্ষের এই মুখোমুখি অবস্থানে দেশটিতে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।সাম্প্রতিক এ অস্থির পরিস্থিতিতে দেশটিতে জাতিসংঘের হিসাবমতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

মাদুরো এ মাসে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর থেকেই ভেনেজুয়েলায় বিক্ষোভ বাড়ছে।