২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগকর্তার লিফটে আটকা, তিনদিন পর উদ্ধার মার্কিন নারী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তিনদিন ধরে লিফটে আটকে থাকা এক নারীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2019, 03:34 PM

Updated : 08 Apr 2022, 03:46 PM

৫৩ বছর বয়সী ওই নারীর নাম মারিতেস ফোরতালিজা বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে মারিতেস তার নিয়োগকর্তা বিনিয়োগ ব্যাংকার ওয়ারেন স্টিফেনসের মালিকানাধীন ম্যানহাটান টাউনহাউসের একটি লিফটে প্রবেশ করেন।

সপ্তাহিক ছুটি শেষ হওয়ার পর সোমবার সকাল ১০টার দিকে জরুরি ফোনকল পেয়ে দমকল কর্মীরা লিফটটি খুলে তাকে উদ্ধার করেন।

উদ্ধার পাওয়া ফোরতালিজা ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। পানিশূন্যতায় ভুগলেও তার অবস্থা এখন স্থিতিশীল বলে এক বিবৃতিতে জানিয়েছে তার পরিবারের সদস্যরা। 

আরকানসোর লিটল রকভিত্তিক বিনিয়োগ ব্যাংক স্টিফেনস ইনকরপোরেটের মালিক ওয়ারেন স্টিফেনসের পরিবারের পক্ষ থেকে ফোরতালিজাকে ‘দীর্ঘ ১৮ বছর ধরে (স্টিফেনসের) বৃহত্তর পরিবারের সদস্য’ হিসেবে অভিহিত করা হয়েছে।

তাদের পরিবারের এক সদস্য হাসপাতালে তার সঙ্গে আছেন বলেও জানিয়েছে তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ফোরতালিজা সেন্টাল পার্কের কাছের ওই বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলার মাঝামাঝিতে আটকা পড়েছিলেন।

সাপ্তাহিক ছুটি উপলক্ষে ওই বাড়ির সবাই দূর কোথাও চলে গিয়েছিল, আর ফোরতালিজা যখন কাজ করছিলেন তখন বাড়িটিতে আর কেউ ছিল না।

ঘটনাটির কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।