বারান্দার রেলিংয়ে আটকে গেল ঘাড়, মই বেয়ে উদ্ধার চীনা শিশুকে
চীনে তিন তলার বারান্দার রেলিংয়ে ঘাড় আটকে নিচের দিকে ঝুলে থাকা একটি শিশুর ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে।
পরে দুই ব্যক্তি মই বেয়ে উঠে মেয়েটিকে উদ্ধার করেন। শিশুটি অক্ষত আছে বলে চীনা গণমাধ্যম সিজিটিএনের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
শুক্রবার ইয়ানলং শহরে এ ঘটনাটি ঘটেছে।
শিশুটির ঝুলে থাকার ‘চুল খাড়া করা’ ওই ভিডিওটি অনলাইনে শেয়ারও করেছে সিজিটিএন।
“ইয়ানলং কাউন্টির একটি অ্যাপার্টমেন্টের তৃতীয় তলার বেলকনি থেকে দুর্ঘটনাবশত মেয়েটি পড়ে যায়, তার ঘাড় রেলিংয়ের মাঝখানে আটকে যায়,” জানায় তারা।
ভিডিওতে দুই ব্যক্তিকে মই বেয়ে উপরে উঠে শিশুটিকে উদ্ধার করতেও দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ওই দুই উদ্ধারকারীর তুমুল প্রশংসা চলছে। রেলিংয়ে ঘাড আটকে যাওয়া মেয়েটির পরিচয় জানা যায়নি।
চীনে এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও এক শিশুর ফেরির চাকায় ঝুলে থাকার ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছিল। সামান্য আহত হলেও ছেলেটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল।
