ভেনেজুয়েলাকে ‘কড়া জবাবের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, কারাকাসে মার্কিন কূটনীতিক ও দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোর প্রতি কোনোরকম হুমকি এলে তার ‘কড়া জবাব’ দেবে ওয়াশিংটন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, যেকোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন ‘আইনের শাসনের ওপর বড়’ আঘাত হিসেবে গণ্য হবে।
যুক্তরাষ্ট্রসহ ২০টির বেশি দেশ গুইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে সমর্থন দেওয়ার কয়েকদিনের মাথায় এ ধরনের হুঁশিয়ারি দিলেন বোল্টন।
গত বুধবার সরকার বিরোধী এক সমাবেশে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারকে অবৈধ বর্ণনা করে গুইদো নিজেকে ভেনেজুয়েলার ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। তারপর থেকেই দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশটিতে চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।
গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণার পরপর ওই দিনই যুক্তরাষ্ট্র এবং কানাডাসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ তাকে স্বীকৃতি দেয়। অন্যদিকে রাশিয়া, চীন ও তুরস্কসহ কয়েকটি দেশ প্রেসিডেন্ট মাদুরো সরকারের প্রতি তাদের সমর্থন জানিয়েছে।
ওয়াশিংটন গুইদোকে স্বীকৃতি দেওয়ার পরদিন মাদুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়ে মার্কিন কূটনীতিকদের ৭২ ঘণ্টা মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছিলেন।
যদিও পরে ওই নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয় এবং উভয় পক্ষের স্বার্থ রক্ষায় আলোচনার জন্য ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘৩০ দিন সময়’ দেওয়া হয়।
মার্কিন কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশের জবাবে ওয়াশিংটন বলেছিল, তারা মাদুরোকে আর প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করে না। তাই তার নির্দেশ মানতে তারা বাধ্য নয়।
এদিকে, শনিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভেনেজুয়েলার শীর্ষ সামরিক প্রতিনিধি মাদুরো সরকারের পক্ষ ত্যাগ করে দেশটির সেনাবাহিনীকে ‘গুইদোর প্রতি সমর্থন’ দেওয়ার আহ্বান জানান।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এরপরদিনই সেনাবাহিনীর আনুগত্য তার প্রতি আছে এটা প্রদর্শনের জন্য একটি সামরিক মহড়ায় উপস্থিত হন।
আর এর পরপরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোল্টন টুইটারে ওয়াশিংটনের অবস্থান পুনর্ব্যক্ত করে কোনোরকম সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি দিলেন।
ভেনেজুয়েলার সেনাবাহিনী রোববারের ওই মহড়ায় রাশিয়ার তৈরি বিমান বিধ্বংসী কামান ও ট্যাংকের গোলা নিক্ষেপ করে তাদের শক্তি প্রদর্শন করেছে।
ওদিকে, নিজের প্রতি জনগণের সমর্থনের প্রমাণ দিতে গুইদো আগামী বুধবার ও শনিবার সরকার বিরোধী সমাবেশের ডাক দিয়েছেন।
স্পেন, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো মাদুরোকে নতুন করে নির্বাচনের ঘোষণা দিতে ‘আট দিনের সময় বেঁধে দিয়েছে’, নতুবা গুইদোকে সমর্থন দেওয়ার বিষয়েও সতর্ক করেছে।
