ব্রাজিলে ফের বাঁধ ভাঙার ঝুঁকি, ২৪ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ
পানির উচ্চতা বিপজ্জনকভাবে বাড়তে থাকায় ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর ব্রুমাজিনোর আরেকটি বাঁধও ভেঙে পড়ার আশঙ্কায় আশপাশের প্রায় ২৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার শহরটির একটি আকরিক লোহার খনির কাছে বাঁধ ভেঙে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়; এখনো নিখোঁজ রয়েছে আড়াই শতাধিক মানুষ।
কাদার স্তুপের নিচে চাপা পড়া ওই সব মানুষদের জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই বলেই ধারণা স্থানীয় প্রশাসনের। এক সংবাদ সম্মেলনে মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা বলেন,“দুর্ভাগ্যজনকভাবে, এ পর্যায়ে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা খুব কম। আমাদের সম্ভবত শুধু লাশই উদ্ধার করতে হবে।”
বৃষ্টিপাতের কারণে পানি বেড়ে এখন দ্বিতীয় বাঁধটিও ভেঙে পড়ার ঝুঁকি বাড়ছে। এ কারণেই রোববার মানুষজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় দমকাল বিভাগ থেকে।
আকরিক লোহার খনির কাছের দু’টি বাঁধই ব্রাজিলের সবচেয়ে বড় খনি কোম্পানি ‘ভালে’র। শুক্রবার একটি বাঁধ ভেঙে খনি বর্জ্যের বিশাল এক প্রবাহ নেমে এসে খনির স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে কাছের একটি গ্রাম কাদার স্রোতে ভাসিয়ে নিয়ে যায়।
সেটির কাছের দ্বিতীয় বাঁধটিতে এখন পানির উচ্চতা বাড়তে থাকায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রোববার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টার দিকে ব্রুমোজিনো শহরের দ্বিতীয় বাঁধের সতর্ক ঘণ্টা বেজে ওঠে। শহরটিতে প্রায় ৩৯ হাজার মানুষ বাস করে। বাসিন্দারা সরে গিয়ে উঁচু স্থানে চলে গেলে পরে শহরের সব সেতু বন্ধ করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয় একজন বিবিসি’কে বলেন, “শিশু-বৃদ্ধ সবাই কাঁধে ব্যাগ নিয়ে উঁচু জায়গায় চলে যাচ্ছে; তারা হাতের কাছে যতটুকু জিনিস পেয়েছে সেটি নিয়েই প্রাণ বাঁচাতে ছুটছে, এটা ভীষণ হতাশার।”
দমকল বিভাগের মুখপাত্র পেদ্রো আইহারা বলেছেন, “আমরা খুবই ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে আছি। যদিও এখনো বাঁধে ভাঙন ধরেনি। আমরা বাঁধটি নজরে রাখছি।”
তাছাড়া, মানুষজন নিরাপদে সরে যাচ্ছে কিনা সেদিকে পুরোপুরি মনোনিবেশ করাটাও এখন তাদের কাজ বলে জানান পেদ্রো।
