নির্বাচনের আল্টিমেটাম প্রত্যাখ্যান করলেন মাদুরো
ভেনেজুয়েলায় ৮ দিনের মধ্যে নতুন নির্বাচন দেওয়ার ইইউ দেশগুলোর আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে দেশের সংবিধান লঙ্ঘন করেছেন বলেও মাদুরো অভিযোগ করেছেন।
তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে রোববার জানিয়েছেন সিএনএন তুর্ক টিভি নিউজ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে।
তাছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ক্ষীণ হলেও অসম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
হুয়ান গুইদোকে এরই মধ্যে স্বীকৃতি দেওয়া যুক্তরাষ্ট্র শনিবার বিশ্বের দেশগুলোকে ভেনেজুয়েলায় একজনের পক্ষ সমর্থনের আহ্বান জানায় এবং মাদুরো সরকারের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলায় জনগণ খাদ্য সঙ্কটের পাশাপাশি হু হু করে বাড়তে থাকা মুদ্রাস্ফীতিতে দুর্ভোগ পোহাচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ঘণীভূত হতে থাকায় মাদুরোর বিরুদ্ধে দেশটিতে গণবিক্ষোভও হচ্ছে।
এ পরিস্থিতির মধ্যে বিরোধীদলীয় নেতা গুইদো নিজেকে নেতা ঘোষণা করার পর শনিবার স্পেন, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যও মাদুরোকে ৮ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের আল্টিমেটাম দিয়ে সতর্ক করে বলেছে, অন্যথায় তারা গুইদোকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।
কিন্তু এ আল্টিমেটাম উপেক্ষা করে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী একে ‘শিশুসুলভ’ আচরণ আখ্যা দিয়েছেন। ওদিকে, রাশিয়া এ আল্টিমেটামকে ‘উদ্ভট’ বলে বর্ণনা করেছে।
ভেনেজুয়েলায় গতবছর মে মাসে মাদুরোর দ্বিতীয় মেয়াদের নির্বাচনকে জালিয়াতির নির্বাচন আখ্যা দিয়েছে ওয়াশিংটন, কানাডাসহ ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের বেশিরভাগ দেশ।
তবে এরপরও রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ এখনো মাদুরো সরকারকে সমর্থন দিচ্ছে।
গত বুধবার মাদুরোবিরোধী এক বিশাল সমাবেশে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা গুইদো নিজেকে ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ ঘোষণা করেন। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ গুইদোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ায় চাপে পড়েছেন মাদুরো।
